প্রায় ১৪ বছর ধরে অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল উত্তরপ্রদেশ পুলিশ। ধৃতের নাম অরূপ বক্সী। তিনি বাংলাদেশের নড়াইল জেলার দেবভোগ এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
বকশি কা তালাব থানার পুলিশ সূত্রে খবর, ২০১২ সালে নেপাল হয়ে লখিমপুর খেরি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন অরূপ। এরপর ভুয়ো ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দীর্ঘদিন ধরে দেশে বসবাস করছিলেন বলে অভিযোগ।
Advertisement
গোপন সূত্রে খবর পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের ভিত্তিতে অরূপ বক্সীকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে আধার কার্ড, মোবাইল ফোন এবং একাধিক নথি উদ্ধার হয়েছে।
Advertisement
পুলিশ জানিয়েছে, ভারতে ঢোকার পর প্রথমে সীতাপুর জেলার মহোলি থানা এলাকার উদরৌলি গ্রামের বাসিন্দা স্বপ্না বিশ্বাস নামে এক মহিলার বাড়িতে থাকতেন অরূপ। সেই সময়ই তিনি ভোটার পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড-সহ একাধিক নথি জালিয়াতির মাধ্যমে তৈরি করেন বলে অভিযোগ। এমনকি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও খোলা হয়েছিল। পরে তিনি ভারতীয় পাসপোর্টও সংগ্রহ করেন বলে দাবি পুলিশের।
তদন্তে আরও জানা গিয়েছে, ২০১৪-১৫ সালের মধ্যে লখনউয়ের বকশি কা তালাব এলাকার মা দুর্গাপুরম কলোনিতে এক আইনজীবীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতে শুরু করেন অরূপ।
২০১৯ সালে ভুয়ো নথির সাহায্যে মামাপুর বানা গ্রামে প্রায় ৮০০ বর্গফুট জমিও কিনেছিলেন বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি কোনও বৈধ চিকিৎসা ডিগ্রি ছাড়াই একটি চিকিৎসাকেন্দ্র চালাতেন তিনি। স্থানীয় মানুষের কাছ থেকে চিকিৎসার নামে অর্থ নেওয়ার অভিযোগও উঠেছে।
পুলিশি জেরায় ধৃত স্বীকার করেছে, সীতাপুরে থাকাকালীনই সমস্ত ভুয়ো নথি তৈরি করা হয়েছিল। বর্তমানে তাঁর সহযোগীদের খোঁজ শুরু করেছে পুলিশ। লখনউ এবং সীতাপুরে কার কার সঙ্গে যোগাযোগ ছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement



