হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হলেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। শনিবার সন্ধ্যায় মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ৯২ বছর বয়সি এই শিল্পীর ফুসফুসজনিত সমস্যাও ছিল, যার জেরে তাঁর শারীরিক অবস্থার উপর বাড়তি চাপ পড়ে।
প্রসঙ্গত, দীর্ঘ আট দশকেরও বেশি সময় ধরে সঙ্গীতজগতে সক্রিয় আশা ভোঁসলে তাঁর অসাধারণ বহুমুখী প্রতিভার জন্য পরিচিত। বিভিন্ন ধরণের গান গেয়ে শ্রোতাদের মন জয় করেছেন তিনি। আধুনিক থেকে শাস্ত্রীয়, প্রেমের গান থেকে নাচের গান— সব ক্ষেত্রেই তাঁর স্বচ্ছন্দ উপস্থিতি তাঁকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।
Advertisement
আশা ভোঁসলের বহু জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘চুরা লিয়া হ্যায় তুমনে যা দিল কো’, ‘অভি না যাও ছোড় কর’, ‘ইন্তহা হো গই ইনতেজার কি’ সহ আরও অসংখ্য সুরেলা সৃষ্টি, যা আজও সমানভাবে শ্রোতাদের মধ্যে জনপ্রিয়। সম্পর্কে তিনি প্রয়াত কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের ছোট বোন। দুই বোনই ভারতীয় সঙ্গীতের ইতিহাসে অমর নাম হয়ে রয়েছেন। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, আপাতত তাঁর শারীরিক অবস্থার উপর কড়া নজর রাখা হচ্ছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন সঙ্গীতপ্রেমীরা।
Advertisement
Advertisement



