• facebook
  • twitter
Monday, 13 April, 2026

ইডির হাতে গ্রেপ্তার আইপ্যাডের অন্যতম ডিরেক্টর বিনেশ চান্ডেল

তদন্তকারী সংস্থার দাবি, এই তল্লাশির সময় বিপুল পরিমাণ নথি ও তথ্যপ্রমাণ উদ্ধার হয়েছে

কয়লা পাচার-কাণ্ডে তদন্তে নেমে বড় পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্রের খবর, এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে আই-প্যাক-এর অন্যতম ডিরেক্টর বিনেশ চান্ডেলকে। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

ইডি সূত্রে জানা গিয়েছে, গত ২ এপ্রিল দেশের একাধিক শহরে একযোগে তল্লাশি অভিযান চালানো হয়। হায়দরাবাদ, দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, বিজয়ওয়াড়া এবং রাঁচি—মোট ১১টি জায়গায় এই অভিযান চালায় কেন্দ্রীয় সংস্থা। তল্লাশি চলে আই-প্যাকের অফিস, সংস্থার ডিরেক্টরদের বাসভবন এবং আই-প্যাকের সঙ্গে যুক্ত একাধিক সংস্থার কার্যালয়ে।

Advertisement

তদন্তকারী সংস্থার দাবি, এই তল্লাশির সময় বিপুল পরিমাণ নথি ও তথ্যপ্রমাণ উদ্ধার হয়েছে, যা থেকে অর্থপাচার, দেশীয় ও আন্তর্জাতিক হাওলা লেনদেনের ইঙ্গিত মিলেছে। সেই সূত্র ধরেই জোরদার করা হয়েছে তদন্ত, এবং তারই অংশ হিসেবে গ্রেফতার করা হয়েছে চান্ডেলকে।

Advertisement

উল্লেখ্য, এর আগেও এই মামলাকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘাত তীব্র আকার নিয়েছিল। শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের জেরে বিষয়টি পৌঁছে যায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। কেন্দ্রের তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল, অন্যদিকে বিজেপির দাবি ছিল, দুর্নীতির বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত চলছে।

এই গ্রেপ্তারির পর আবারও রাজনৈতিক চাপানউতোর বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তদন্ত কোন দিকে মোড় নেয় এবং এর রাজনৈতিক প্রভাব কতটা বিস্তৃত হয়, এখন সেদিকেই নজর সকলের।

Advertisement