আন্তর্জাতিক উড়ান পরিচালনায় বড়সড় গাফিলতির অভিযোগে চাঞ্চল্য ছড়াল। দিল্লি থেকে কানাডার ভ্যাঙ্কুভারের উদ্দেশে রওনা দেওয়া একটি উড়ান মাঝ আকাশ থেকেই ঘুরে ফিরে এল। অভিযোগ, ভুলবশত এমন একটি বিমান পাঠানো হয়েছিল যার গন্তব্য দেশ কানাডায় প্রবেশের অনুমতিই ছিল না।
জানা গিয়েছে, উড়ানটি দীর্ঘ সময় আকাশে থাকার পর হঠাৎই এই ত্রুটি ধরা পড়ে। তখন সেটি বিদেশের আকাশসীমায় প্রবেশ করে ফেলেছিল। পরিস্থিতি বুঝে তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে মাঝপথ থেকেই উড়ানটি ফিরিয়ে আনা হয়। প্রায় আট ঘণ্টা আকাশে থাকার পর বিমানটি নিরাপদে দিল্লিতে অবতরণ করে। এই ঘটনায় যাত্রীদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ তৈরি হয়। দীর্ঘ সময় আকাশে থাকার পর আবার ফিরে আসায় ভোগান্তির মুখে পড়েন সকলেই।
Advertisement
সূত্রের খবর, নির্দিষ্ট রুটে যে ধরনের বিমান চালানোর অনুমতি থাকে, তার বদলে অন্য ধরনের বিমান ব্যবহার করা হয়েছিল। এই প্রশাসনিক ত্রুটির জেরেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। উড়ান সংস্থার তরফে জানানো হয়েছে, ‘অপারেশনাল সমস্যার’ কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই উড়ান ফিরিয়ে আনা হয়। সমস্ত যাত্রী ও ক্রু নিরাপদে ফিরে এসেছেন বলেও দাবি করা হয়েছে।
Advertisement
ফেরার পর যাত্রীদের থাকার জন্য হোটেলের ব্যবস্থা করা হয় এবং পরদিন নতুন উড়ানের ব্যবস্থা করা হয়। পরে একই যাত্রীদের নিয়ে আবার গন্তব্যের উদ্দেশে রওনা দেওয়া হয়।
বিমান বিশেষজ্ঞদের মতে, যাত্রী-সহ একটি আন্তর্জাতিক উড়ান মাঝপথে ফিরিয়ে আনা অত্যন্ত বিরল ঘটনা। এতে সংস্থার বড়সড় আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এই ঘটনার পর আন্তর্জাতিক উড়ান পরিচালনায় নজরদারি ও সমন্বয় নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
Advertisement



