• facebook
  • twitter
  • youtube
Monday, 8 June, 2026

ব্রেন টিউমার চিকিৎসায় নতুন দিগন্ত, অস্ত্রোপচারে বাড়ছে সাফল্যের হার

সময়মতো চিকিৎসাই ব্রেন টিউমারের বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে বড় অস্ত্র।

গত এক দশকে ব্রেন টিউমারের অস্ত্রোপচারে আমূল পরিবর্তন এসেছে। আধুনিক ইমেজিং প্রযুক্তির সাহায্যে অস্ত্রোপচারের আগেই মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ, যেমন কথা বলা, চলাফেরা, স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের যে অঞ্চলগুলি তা নির্ভুলভাবে চিহ্নিত করা সম্ভব হচ্ছে। নিউরোন্যাভিগেশন, ইনট্রাঅপারেটিভ মনিটরিং, ফ্লুরোসেন্স-গাইডেড সার্জারি এবং ‘অ্যাওয়েক ক্র্যানিওটমি’-র মতো প্রযুক্তি অস্ত্রোপচারকে আরও নিরাপদ ও কার্যকর করেছে বলে দাবি চিকিৎসকদের।

চিকিৎসকদের মতে, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টিউমারের ধরন নির্ণয় করা, অস্ত্রোপচারের পরিকল্পনা এবং রোগীর সম্ভাব্য ফলাফল কী হতে পারে তা বিশ্লেষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। পাশাপাশি নাক বা কানের পথ দিয়ে এন্ডোস্কোপিক পদ্ধতিতে কিছু জটিল টিউমার অপসারণ করা সম্ভব হচ্ছে। ফলে শরীরে বড় কোনও কাটা-ছেঁড়ার প্রয়োজন পড়ছে না।

প্রতি বছর ৮ জুন বিশ্বজুড়ে বিশ্ব ব্রেন টিউমার দিবস পালিত হয়। এই উপলক্ষে কলকাতার সিএমআরআই হাসপাতালে ব্রেন টিউমার চিকিৎসার অগ্রগতি এবং রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ছিলেন হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

চিকিৎসকরা জানান, শুধু উন্নত চিকিৎসাই নয়, রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিও অত্যন্ত জরুরি। সময়মতো রোগ নির্ণয় হওয়া এবং দ্রুত চিকিৎসা শুরু হলে সুস্থতার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। বিশেষজ্ঞদের পরামর্শ, দীর্ঘদিন ধরে মাথাব্যথা, দৃষ্টিশক্তির সমস্যা, খিঁচুনি, স্মৃতিভ্রংশ বা শরীরের কোনও অংশে দুর্বলতা দেখা দিলে দ্রুত স্নায়ুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। সময়মতো চিকিৎসাই ব্রেন টিউমারের বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে বড় অস্ত্র।