উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আইআইটি ভুবনেশ্বর এবং কলকাতার ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের মধ্যে এক গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হল। ভারতীয় জ্ঞানব্যবস্থা, দর্শন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর গবেষণাকে একসূত্রে বাঁধতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তিতে সই করেন আইআইটি ভুবনেশ্বরের ডিন অধ্যাপক দিনকর পাসলা এবং ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের ডিন ও ট্রাস্টি ডক্টর সুমন্ত রুদ্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট শিক্ষাবিদ ও আধিকারিক।
Advertisement
এই সমঝোতার মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা, গবেষণা এবং জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে উঠবে। বিশেষ করে মানববিদ্যা, সমাজবিজ্ঞান এবং প্রযুক্তিকে একত্রিত করে নতুন ধরনের আন্তঃবিভাগীয় গবেষণার পথ খুলে যাবে বলে মনে করা হচ্ছে।
Advertisement
সূত্রের খবর, এই উদ্যোগের আওতায় যৌথভাবে বিভিন্ন সম্মেলন, কর্মশালা, সেমিনার এবং বক্তৃতামালার আয়োজন করা হবে। পাশাপাশি গবেষণাপত্র প্রকাশ, জনসংযোগমূলক কর্মসূচি এবং নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রেও একসঙ্গে কাজ করবে দুই প্রতিষ্ঠান।
এই চুক্তির একটি উল্লেখযোগ্য দিক হল ডিজিটাল মানববিদ্যা ও পাণ্ডুলিপি গবেষণায় জোর দেওয়া। প্রাচীন পাণ্ডুলিপির ডিজিটাইজেশন, পাঠ বিশ্লেষণ এবং আধুনিক গবেষণা সরঞ্জাম তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
অধ্যাপক দিনকর পাসলা জানান, ‘এই সহযোগিতা ভবিষ্যতে গবেষণার পরিধি বাড়াবে এবং ভারতীয় জ্ঞানপ্রথাকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরতে সাহায্য করবে।’ অন্যদিকে ডক্টর সুমন্ত রুদ্র বলেন, ‘এই উদ্যোগ ভারতীয় জ্ঞানব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং নতুন প্রজন্মের গবেষকদের জন্য নতুন সুযোগ তৈরি করবে।’
বিশেষজ্ঞদের মতে, এই চুক্তি প্রাচীন জ্ঞান ও আধুনিক প্রযুক্তির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন তৈরি করবে, যা ভবিষ্যতে গবেষণার ক্ষেত্রে নতুন দিশা দেখাতে পারে।
Advertisement



