আন্তর্জাতিক রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে কিছু সম্পর্ক শুধুমাত্র কূটনৈতিক নয়, এক ধরনের মূল্যবোধভিত্তিক অংশীদারিত্বে পরিণত হয়। শুধু তা-ই নয়, তা সময়ের পরীক্ষাতেও উত্তীর্ণ হয়। ভারত ও ফ্রান্সের সম্পর্ক আজ সেই পর্যায়েই পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সাম্প্রতিক বৈঠক ও আলোচনায় যে বার্তা উঠে এসেছে, তা শুধু দ্বিপাক্ষিক সহযোগিতার নয়, বরং এক বিস্তৃত আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন।
এই বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল, দুই দেশের সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করে তোলার স্পষ্ট সংকল্প। প্রতিরক্ষা, পারমাণবিক শক্তি, প্রযুক্তি, বাণিজ্য, উদ্ভাবন— প্রতিটি ক্ষেত্রেই সহযোগিতার নতুন দিগন্ত খুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ১৩টি নির্দিষ্ট ফলাফল ঘোষণার মাধ্যমে বাস্তবমুখী এই বৈঠক যে ফলপ্রসূ হয়েছে, তা বলাই বাহুল্য।
প্রথমত, প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা বিশেষ তাৎপর্যপূর্ণ। ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের সঙ্গে সঙ্গতি রেখে যৌথভাবে প্রযুক্তি উন্নয়ন, নকশা, উৎপাদন এবং নির্মাণের ওপর জোর দেওয়া হয়েছে। এটি কেবল সামরিক শক্তি বৃদ্ধি নয়, বরং দেশের অভ্যন্তরীণ শিল্প ও প্রযুক্তিগত সক্ষমতাকেও শক্তিশালী করবে। বিশেষত, ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার সম্ভাব্য চুক্তি এই দিকেই ইঙ্গিত করে যে, ভবিষ্যতে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত আরও স্বনির্ভর হতে চলেছে।
দ্বিতীয়ত, বেসামরিক পারমাণবিক শক্তি সহযোগিতা দুই দেশের সম্পর্কের অন্যতম স্তম্ভ হিসেবে পুনরায় গুরুত্ব পেয়েছে। ভারতের ‘শান্তি অ্যাক্ট’ কার্যকর হলে ফরাসি সংস্থাগুলির জন্য নতুন সুযোগ তৈরি হবে, বিশেষত ছোট ও আধুনিক মড্যুলার রিঅ্যাক্টর প্রযুক্তিতে। এই ক্ষেত্রটি শুধু জ্বালানি নিরাপত্তা নয়, বরং পরিবেশবান্ধব উন্নয়নের পথও সুগম করবে।
তৃতীয়ত, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে যৌথ উদ্যোগ এই সম্পর্ককে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। ‘ইনোভেশন রোডম্যাপ’, কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত ওয়ার্কিং গ্রুপ এবং অর্থনৈতিক নিরাপত্তা-বিষয়ক আলোচনা—এইসব উদ্যোগ প্রমাণ করে যে, ভারত ও ফ্রান্স আগামী দিনের প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করতে আগ্রহী। আজকের বিশ্বে প্রযুক্তি শুধু উন্নয়নের হাতিয়ার নয়, বরং কৌশলগত শক্তির উৎস— এ কথা দুই দেশই উপলব্ধি করেছে।
চতুর্থত, বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে আগামী পাঁচ বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনাই বাড়াবে না, বরং দুই দেশের শিল্প, পরিষেবা ও বিনিয়োগ ক্ষেত্রেও নতুন গতি আনবে।
এখানে উল্লেখযোগ্য যে, নিস-এ অনুষ্ঠিত ‘ভারত ইনোভেটস ২০২৬’ অনুষ্ঠানে যে বিপুল সাড়া মিলেছে, তা ভারতের ক্রমবর্ধমান উদ্ভাবনী শক্তির প্রমাণ। ১২০টি ডিপ-টেক স্টার্টআপ, ১,৫০০-র বেশি পেটেন্ট, এবং ১.৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ— এই পরিসংখ্যানগুলি দেখায় যে, ভারত আজ শুধুমাত্র বাজার নয়, বরং সমাধান প্রদানকারী একটি শক্তি হিসেবে উঠে এসেছে। শিল্প-ব্যবসায়ীদের উপস্থিতি এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহ প্রমাণ করে যে, ভারতের স্টার্টআপ ইকোসিস্টেম এখন আন্তর্জাতিক মানচিত্রে গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য– ‘ভারত এখন সমাধান তৈরি করছে, কেবল গ্রহণ করছে না’— এই পরিবর্তনের সারবত্তাকে তুলে ধরেছে।
অন্যদিকে, ফ্রান্সের পক্ষ থেকেও এই সম্পর্কের প্রতি গভীর আগ্রহ স্পষ্ট। প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ভারতকে শুধু অংশীদার নয়, বরং সমমনস্ক সহযোগী হিসেবে দেখছেন। জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং দীর্ঘস্থায়ী উন্নয়নের মতো ক্ষেত্রগুলিতে যৌথ উদ্যোগ এই দৃষ্টিভঙ্গিকেই প্রতিফলিত করেছে।
আন্তর্জাতিক প্রেক্ষাপটেও এই সম্পর্কের গুরুত্ব অপরিসীম। পশ্চিম এশিয়া এবং ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আলোচনা থেকে বোঝা যায় যে, দুই দেশই আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার প্রশ্নে দায়িত্বশীল ভূমিকা নিতে আগ্রহী। বিশেষ করে হরমুজ প্রণালিতে
নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার উদ্যোগে ফ্রান্সের আগ্রহ এবং ভারতের অংশগ্রহণ— এই দুই দেশের কৌশলগত সমন্বয়কে আরও দৃঢ় করবে।
মানবিক ও সাংস্কৃতিক সম্পর্কও এই অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ দিক। ভিসা-ফ্রি ট্রানজিট সুবিধা, শিক্ষাগত যোগ্যতার পারস্পরিক স্বীকৃতি এবং পড়ুয়াদের দুই দেশে আসা-যাওয়ার সহজ কর্মসূচি— এইসব উদ্যোগ দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে। শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে যে দীর্ঘমেয়াদি বন্ধন তৈরি হয়, তা রাজনৈতিক সম্পর্ককেও আরও নিবিড় করে।
এই সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হল— একটি ‘শেয়ার্ড ভিশন’ বা অভিন্ন লক্ষ্য। প্রধানমন্ত্রী মোদী যে পাঁচটি স্তম্ভের কথা বলেছেন— সংযোগ, বিশ্বাস, উদ্ভাবন, অনুপ্রেরণা এবং যৌথ দৃষ্টিভঙ্গি— তা ভারত–ফ্রান্স সম্পর্ককে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এটি শুধুমাত্র স্বার্থের ভিত্তিতে নয়, বরং মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা একটি সম্পর্ক।
আজকের বিশ্বে যখন বহুপাক্ষিকতা চ্যালেঞ্জের মুখে, তখন ভারত ও ফ্রান্সের এই অংশীদারিত্ব একটি ইতিবাচক উদাহরণ। সহযোগিতা, পারস্পরিক সম্মান এবং ভবিষ্যৎ-চিন্তার মাধ্যমে কীভাবে দুই দেশ একসঙ্গে এগিয়ে যেতে পারে, এটি নিশ্চয়ই তার নিদর্শন হয়ে থাকবে।
সুতরাং এ কথা বলাই যায়, ভারত–ফ্রান্স সম্পর্ক এখন আর কেবল দ্বিপাক্ষিক নয়; এটি একটি আন্তর্জাতিক অংশীদারিত্ব, যা আগামী দিনের বিশ্বের রাজনীতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সম্পর্ক যত গভীর হবে, ততই তা বিশ্বশান্তি, উন্নয়ন এবং স্থিতিশীলতার পক্ষে ইতিবাচক প্রভাব ফেলবে।
এই প্রেক্ষাপটে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সাম্প্রতিক বৈঠক শুধু একটি কূটনৈতিক ঘটনা নয়— এটি একটি দিকনির্দেশ, যা আগামী দিনের পথচলাকে আলোকিত করবে।