• facebook
  • twitter
Friday, 29 May, 2026

বাংলায় ৬৫০ কোটি টাকা ‘বিনিয়োগ’ আমুলের!

আমুল পশ্চিমবঙ্গে প্রায় ৬৫০ কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা করছে। এই সম্ভাবনাকে ঘিরে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে।

বাংলায় কি নতুন করে শিল্পায়নের সম্ভাবনা তৈরি হচ্ছে? রাজনৈতিক পালাবদলের জল্পনার মধ্যেই রাজ্যে বড় বিনিয়োগ নিয়ে সামনে এল নতুন খবর। জানা গিয়েছে, দুগ্ধ উৎপাদনকারী সংস্থা আমুল পশ্চিমবঙ্গে প্রায় ৬৫০ কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা করছে। এই সম্ভাবনাকে ঘিরে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে।

কয়েক দিন আগেই রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে বৈঠক করেছিলেন। সেই বৈঠকে বাংলায় শিল্প ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়টি উঠে আসে বলে বিজেপি সূত্রে দাবি। এর মধ্যেই আমুলের সম্ভাব্য বিনিয়োগের খবর সামনে আসায় তা নিয়ে উত্তেজনা আরও বেড়েছে।

Advertisement

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই আমুলের এই সম্ভাব্য প্রকল্প নিয়ে একাধিক পোস্ট ভাইরাল হয়েছে। বিজেপির বিভিন্ন নেতা দাবি করেছেন, পশ্চিমবঙ্গে একটি বড় ডেয়ারি প্রসেসিং প্ল্যান্ট গড়তে চলেছে আমুল। মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, “পশ্চিমবঙ্গে ৬৫০ কোটি টাকার মেগা প্রকল্প নিয়ে আসছে আমুল। তৈরি হবে কর্মসংস্থান, শক্তিশালী হবে দুগ্ধ পরিকাঠামো। বাংলা এগোচ্ছে উন্নয়ন আর আত্মনির্ভরতার পথে।”

Advertisement

বিজেপির দাবি, এটি হবে রাজ্যে আমুলের প্রথম পূর্ণাঙ্গ মালিকানাধীন ডেয়ারি প্ল্যান্ট। এই প্রকল্প বাস্তবায়িত হলে বিপুল কর্মসংস্থান তৈরি হওয়ার পাশাপাশি রাজ্যের দুগ্ধ শিল্পেও বড় পরিবর্তন আসতে পারে। গ্রামীণ অর্থনীতি এবং ক্ষুদ্র দুগ্ধ উৎপাদকরাও এর ফলে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

তবে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে এই বিনিয়োগ নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে প্রকল্পের স্থান, কাজ শুরুর সময় কিংবা বিনিয়োগের চূড়ান্ত রূপরেখা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, বিজেপির নির্বাচনী ‘সংকল্পপত্র’-এ শিল্পায়ন ও বিনিয়োগ বৃদ্ধির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এই সম্ভাব্য বিনিয়োগ তারই ইঙ্গিত বহন করছে।

এখন দেখার, আমুলের এই সম্ভাব্য মেগা বিনিয়োগ নিয়ে কবে আনুষ্ঠানিক ঘোষণা হয় এবং বাস্তবে কত দ্রুত প্রকল্পের কাজ শুরু করা যায়। কারণ দীর্ঘদিন ধরেই বাংলায় শিল্প ও কর্মসংস্থান নিয়ে রাজনৈতিক তরজা চলেছে। সেই আবহেই আমুলের নাম ঘিরে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

Advertisement