কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের নজর এখন অষ্টম পে কমিশনের দিকে। সবচেয়ে বড় প্রশ্ন, কবে থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে এবং কার্যকর হতে দেরি হলে সেই সময়ের বকেয়া টাকা কর্মীরা পাবেন কি না। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে অ্যারিয়ার নিয়ে নানা দাবি ছড়িয়েছে। কোথাও দাবি করা হচ্ছে, সরকার বকেয়া অর্থের পরিমাণ কমিয়ে দিতে পারে। যদিও এ বিষয়ে কেন্দ্রের তরফে এখনও কোনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি।
এই পরিস্থিতিতে কর্মীদের স্বার্থে নিজের মত জানিয়েছেন ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয়েমেনের কার্যকরী সভাপতি বি সি শর্মা।
‘মিন্ট’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তাঁর বক্তব্য, অষ্টম পে কমিশন কার্যকর হতে দেরি হলে কর্মীদের সম্পূর্ণ বকেয়া অর্থ দেওয়া উচিত।
তবে কমিশন ঠিক কোন তারিখ থেকে কার্যকর হবে, তা এখনও সরকার আনুষ্ঠানিক ভাবে জানায়নি।
প্রাথমিক ভাবে অষ্টম পে কমিশন ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু কমিশন এখনও সরকারের কাছে চূড়ান্ত রিপোর্ট জমা দেয়নি। ফলে ২০২৬ সালের একটা বড় সময় পেরিয়ে গেলেও কেন্দ্রীয় কর্মীরা এখনও ৭ম পে কমিশনের বেতন কাঠামো অনুযায়ী বেতন পাচ্ছেন।
তাই অষ্টম পে কমিশন কার্যকর হওয়ার সম্ভাব্য তারিখ নিয়ে জল্পনা বাড়ছে। মে ২০২৭ থেকে নতুন বেতন কার্যকর হবে— এমন দাবি বিভিন্ন মহলে ঘুরলেও এটি এখনও সরকারি ভাবে নিশ্চিত নয়।




