রাজ্যের পালাবদলের পর চিত্র বদলেছে টলিপাড়ায়। দীর্ঘদিন ধরে টালিগঞ্জের টলিপাড়ার একাংশের কলাকুশলীদের কাজের পরিবেশ নষ্ট হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। দীর্ঘদিন কাজ করতে না পারায় টলিপাড়ার একঝাঁক কলাকুশলী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।
টলিউডে দীর্ঘদিনের অস্থিরতার পর আপাতত শান্তির আবহ। গত দেড় মাস ধরে নির্বিঘ্নে শুটিং চলছে। শিল্পী, প্রযোজক, টেকনিশিয়ান ও পরিচালকদের মধ্যেও সমন্বয় বজায় রয়েছে। রাজ্য সরকারের এই রিপোর্টের ভিত্তিতেই টলিউডের পরিস্থিতি নিয়ে পরিচালকদের একাংশের দায়ের করা মামলার নিষ্পত্তি করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।
বুধবার আদালতে রাজ্যের তরফে জানানো হয়, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অ্যাডিশনাল সেক্রেটারি তথা এক্স-অফিসিও ডিরেক্টর অব ফিল্মসের রিপোর্ট অনুযায়ী বর্তমানে চলচ্চিত্র জগতে শান্তিপূর্ণ পরিবেশে শুটিং চলছে। গত দেড় মাসে দপ্তরের কাছে কোনও পক্ষের তরফেই নতুন করে অভিযোগ জমা পড়েনি। প্রযোজক, টেকনিশিয়ান, শিল্পী সংগঠন, গিল্ড-সহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে পরিস্থিতির উপর নজরদারি চালানো হয়েছে বলেও আদালতকে জানানো হয়।
রাজ্যের বক্তব্যে সন্তোষ প্রকাশ করে বিচারপতি অমৃতা সিনহা মামলার নিষ্পত্তির নির্দেশ দেন। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, বিষয়টি এখানেই শেষ নয়। তথ্য ও সংস্কৃতি দপ্তরকে নিয়মিত পরিস্থিতির উপর নজর রাখতে হবে এবং নিশ্চিত করতে হবে, যাতে টলিউডের শিল্পী, পরিচালক, প্রযোজক ও অন্যান্য কলাকুশলীরা কোনও রকম বাধা বা বিঘ্ন ছাড়াই নিজেদের কাজ চালিয়ে যেতে পারেন।
আদালতের এই নির্দেশের ফলে আপাতত টলিউডের অন্দরের সংঘাতের আইনি অধ্যায়ে ইতি পড়লেও, ভবিষ্যতে যাতে নতুন করে কোনও অস্থিরতা তৈরি না হয়, সে বিষয়ে রাজ্য প্রশাসনের সক্রিয় ভূমিকার উপরই জোর দিল হাইকোর্ট।




