রাজ্যের নতুন রাজনৈতিক পরিস্থিতিতে এ বার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হলেন একদল সঙ্গীতশিল্পী। মঙ্গলবার সল্টলেকে বিজেপির রাজ্য দফতরে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, দোলা মুখোপাধ্যায়-সহ একাধিক শিল্পী। বৈঠকে তাঁরা পূর্বতন তৃণমূল সরকারের আমলে সঙ্গীত জগতের নানা অনিয়ম, বঞ্চনা এবং পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ধরেন। আজ জনতার দরবারে বসেছিলেন মুখ্যমন্ত্রী। আর সেখানে গিয়েই অভিযোগ করেন তাঁরা।
শিল্পীদের দাবি, আগের সরকারের সময়ে সঙ্গীত জগতে এক ধরনের ‘সিন্ডিকেটরাজ’ চালু হয়েছিল, যার ফলে বহু যোগ্য শিল্পী কাজের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। তাঁদের অভিযোগ, সরকারি অনুষ্ঠান কিংবা সাংস্কৃতিক কর্মসূচিতে নির্দিষ্ট একটি গোষ্ঠীর শিল্পীদেরই বারবার সুযোগ দেওয়া হত। এই প্রসঙ্গে তৎকালীন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেনের ভূমিকাও প্রশ্নের মুখে তুলেছেন তাঁরা।
Advertisement
উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই সংস্কৃতি জগতের একাংশ প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন। গত মাসের শেষ দিকে একদল বিক্ষুব্ধ শিল্পী বাংলা আকাদেমির সামনে জমায়েত হয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। সেই সময় তাঁরা তৎকালীন সরকারের ঘনিষ্ঠ বলে পরিচিত কয়েকজনের বিরুদ্ধে সাংস্কৃতিক ক্ষেত্রে প্রভাব খাটানোর অভিযোগ তোলেন। শিল্পীদের স্বার্থ রক্ষার দাবিতে একটি ফোরামও গঠন করা হয়।
Advertisement
মঙ্গলবারের বৈঠকে শিল্পীরা অভিযোগ করেন, শুধু সরকারি অনুষ্ঠান নয়, বিভিন্ন সাংস্কৃতিক ও কর্পোরেট অনুষ্ঠানেও সুযোগ বণ্টনের ক্ষেত্রে স্বচ্ছতা ছিল না। তাঁদের দাবি, অনেক ক্ষেত্রে শিল্পীদের অনুষ্ঠান পাইয়ে দেওয়ার নামে ‘কাটমানি’ নেওয়া হত। ফলে প্রকৃত প্রতিভাবান শিল্পীরা পিছিয়ে পড়তেন, আর সুবিধা পেতেন একটি নির্দিষ্ট লবির সঙ্গে যুক্ত ব্যক্তিরা।
ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় ও দোলা মুখোপাধ্যায়দের বক্তব্য, এই পরিস্থিতির ফলে তাঁরা নিজেরা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন, তেমনই বহু নবীন ও জুনিয়র শিল্পীর কেরিয়ারও বাধাগ্রস্ত হয়েছে। এমনকি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্পোরেট অনুষ্ঠান থেকেও তাঁদের বঞ্চিত হতে হয়েছে বলে অভিযোগ।
নতুন সরকারের কাছে তাঁদের আবেদন, অতীতের এই অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত তথ্য সামনে আনা হোক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে স্বচ্ছতা ও সমান সুযোগ নিশ্চিত করা হোক। মুখ্যমন্ত্রীর কাছে তাঁরা ন্যায়বিচারের দাবি জানিয়ে সাংস্কৃতিক পরিমণ্ডলকে রাজনৈতিক প্রভাবমুক্ত করারও আবেদন করেছেন।
Advertisement




