নিজের মানসিক অভিজ্ঞতা নিয়ে একেবারে খোলামেলা স্বীকারোক্তি অভিনেত্রী কুবরা সাইতের। তিনি জানিয়েছেন, ‘অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাকটিভিটি ডিজঅর্ডার’ বা এডিএইচডি কোনও দুর্বলতা নয়, বরং তাঁর কাছে এটি এক ধরনের ‘অন্তর্নিহিত শক্তি’।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে নিজের দীর্ঘদিনের মানসিক যাত্রার কথা তুলে ধরেছেন কুবরা। সেখানে তিনি বলেন, এতদিন ধরে যে বিষয়টিকে সমস্যা বলে মনে করা হত, সেটিই এখন তাঁর কাছে এক বিশেষ ক্ষমতা হিসেবে ধরা দিয়েছে। তাঁর কথায়, ‘আমার মস্তিষ্ক একসঙ্গে বহু রকমের ভাবনা ধরে রাখতে পারে, যা আমাকে অন্যদের থেকে আলাদা করে।’
Advertisement
অভিনেত্রীর বক্তব্য, তাঁর অনুভূতিগুলি সব সময়ই প্রবল— ভালবাসা, রাগ, উত্তেজনা বা কষ্ট— সব কিছুই গভীরভাবে অনুভব করেন তিনি। এই তীব্র অনুভূতিই তাঁকে অভিনয়ের জগতে আরও শক্তিশালী করে তুলেছে বলে মনে করেন কুবরা। তিনি বলেন, ‘অনেকের কাছে এটা বেশি মনে হতে পারে। কিন্তু আমার কাছে এটা আলাদাভাবে কাজ করার এক পদ্ধতি।’
Advertisement
কুবরা আরও জানিয়েছেন, দীর্ঘদিনের মানসিক চিকিৎসা ও পরামর্শ তাঁকে নিজের মনকে বুঝতে সাহায্য করেছে। তিনি উপলব্ধি করেছেন, একা নয়, মানুষের সঙ্গে মিশে থাকলেই তাঁর চিন্তাভাবনা আরও প্রসারিত হয়। কথোপকথন ও মতবিরোধের মধ্যেই তাঁর মস্তিষ্ক সবচেয়ে ভাল কাজ করে।
তাঁর মতে, এডিএইচডি থাকা মানে সমস্যায় ভোগা নয়, বরং নিজের ভিতরের শক্তিকে চিনে নেওয়া। তিনি বলেন, ‘এটা ঠিক করার কিছু নয়, বরং নিজের ক্ষমতাকে খুলে দেওয়ার মতো বিষয়।’ নিজের এই উপলব্ধি ভাগ করে নিয়ে অন্যদেরও উৎসাহ দিয়েছেন কুবরা। তাঁর মতে, যাঁদের একই অভিজ্ঞতা রয়েছে, তাঁদের লজ্জা না পেয়ে নিজেদের মতো করে বাঁচা উচিত।
Advertisement



