আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে মুক্তি পেতে চলা বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দম’-এর প্রথম ঝলক প্রকাশ্যে এল। রহস্য, বিপদ এবং বেঁচে থাকার মরিয়া লড়াইকে কেন্দ্র করে তৈরি এই ছবির প্রথম ঝলক ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
সামাজিক মাধ্যমে ৮ মার্চ প্রকাশিত ৫৪ সেকেন্ডের এই ঝলকে দেখা গিয়েছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো, চঞ্চল চৌধুরী এবং অভিনেত্রী পূজা চেরিকে। টানটান আবহসঙ্গীত এবং গভীর দৃশ্যবিন্যাসে তৈরি এই ঝলক ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে চর্চার বিষয় হয়ে উঠেছে।
Advertisement
ছবির শুরুতেই দেখা যায় পাহাড়ে ঘেরা এক শান্ত পরিবেশ, যেখানে ভোরের নরম আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। সেই নিস্তব্ধতার মধ্যে হঠাৎ এক অচেনা মানুষের উপস্থিতি যেন পুরো পরিবেশের ছন্দ বদলে দেয়। ধীরে ধীরে সামনে আসে আতঙ্কের আভাস। অস্ত্রধারী লোকজনের উপস্থিতি, ভীতসন্ত্রস্ত মুখ আর বেঁচে থাকার মরিয়া সংগ্রামের ইঙ্গিত।
Advertisement
এই ছবির বড় অংশের শুটিং হয়েছে কাজাখস্তানের দুর্গম পাহাড়ি অঞ্চলে। নির্মাতাদের মতে, সেই বিস্তীর্ণ প্রাকৃতিক দৃশ্য ছবিকে এক নতুন মাত্রা দিয়েছে এবং দর্শকদের জন্য এক ভিন্ন ভিজ্যুয়াল অভিজ্ঞতা তৈরি করবে।
ঝলকের বিভিন্ন দৃশ্যে আফরান নিশোকে দেখা যায় ক্লান্ত, উদ্বিগ্ন এবং মানসিক চাপের মধ্যে থাকা এক মানুষের চরিত্রে। অন্যদিকে, পুজা চেরির মুখে ফুটে ওঠে অনিশ্চয়তা ও আতঙ্কের ছাপ। আর চঞ্চল চৌধুরীর উপস্থিতি পুরো পরিস্থিতিকে আরও রহস্যময় করে তোলে। প্রতিটি দৃশ্য যেন নতুন করে প্রশ্ন তুলছে— কে পালাচ্ছে, কে তাড়া করছে, আর শেষ পর্যন্ত কে বাঁচার শেষ সুযোগ পাবে?
ঝলকের একেবারে শেষে শোনা যায় একটি সংলাপ, যা ইতিমধ্যেই দর্শকদের মনে দাগ কেটেছে। আফরান নিশোর কণ্ঠে শোনা যায়—‘আমি শাহজাহান ইসলাম নূর, একজন বাংলাদেশি মুসলমান—মনে রাখবেন।’ এই সংলাপ ছবিকে ঘিরে রহস্যকে আরও ঘনীভূত করেছে।
ছবির পরিচালক রেডন রনি জানান, ‘দম এখন আর শুধু আমাদের ছবি নয়, এটি এখন দর্শকদেরও। তাঁদের প্রত্যাশা পূরণ করতে পারলেই আমাদের সাফল্য। প্রথম ঝলক শুধু ছবির একটি ছোট অংশ দেখাল। এত দুর্গম জায়গায় আগে কোনও বাংলাদেশি ছবির শুটিং হয়েছে বলে আমার জানা নেই।’
নিশো বলেন, ছবিটি একই সঙ্গে বেঁচে থাকার সংগ্রাম এবং আবেগের গল্প। তাঁর কথায়, ‘এ ধরনের ছবি তৈরি করতে সাহস লাগে। পুরো দল প্রাণ ঢেলে কাজ করেছে। দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া আমাদের অনুপ্রাণিত করছে।’
এই ছবিতে ‘রানি’ চরিত্রে অভিনয় করেছেন পুজা চেরি। তাঁর কথায়, চরিত্রটির মধ্যে একাধিক স্তর রয়েছে। সেই শক্তিশালী চরিত্রের আসল প্রভাব বুঝতে হলে দর্শকদের ছবির জন্য অপেক্ষা করতে হবে। ছবিটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই এবং চরকি। প্রযোজক শাহরিয়ার শাকিল জানিয়েছেন, বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি এই ছবির পরিকল্পনা প্রায় আড়াই বছর ধরে চলেছে। তাঁদের লক্ষ্য ছিল বাংলা ছবিকে আরও বড় পরিসরে তুলে ধরা।
‘শেষ নিঃশ্বাস পর্যন্ত’ শিরোনামের ভাবনায় তৈরি এই ছবির চিত্রনাট্য লিখেছেন সৈয়দ আহমেদ শওকী, আল-আমিন হাসান নির্ঝর, মোঃ সাইফুল্লাহ রিয়াদ এবং রবিউল আলম রবি। সব মিলিয়ে ঈদ-উল-ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা ‘দম’ ইতিমধ্যেই বছরের অন্যতম প্রতীক্ষিত ছবির তালিকায় জায়গা করে নিয়েছে।
Advertisement



