• facebook
  • twitter
  • youtube
Saturday, 20 June, 2026

বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র, সেখান থেকেই চলবে চিকিৎসা

অভিনেতার টিমের তরফে অনুরোধ জানানো হয়েছে, তাঁর শারীরিক অবস্থা নিয়ে কোনওরকম ভুয়ো খবর যেন না ছড়ানো হয়

ফাইল চিত্র

কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন তিনি। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আপাতত বাড়ি থেকেই তাঁর চিকিৎসা চলবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুসারে থাকতে হবে। বাড়ি থেকেই যাবতীয় চিকিৎসা চলবে। অভিনেতার টিমের তরফে অনুরোধ জানানো হয়েছে, তাঁর শারীরিক অবস্থা নিয়ে কোনওরকম ভুয়ো খবর যেন না ছড়ানো হয়। সেই সঙ্গে তাঁর এবং তাঁর পরিবারের প্রতি সম্মান ও গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ১০ নভেম্বর হাসপাতালে ভর্তি হন অভিনেতা ধর্মেন্দ্র। তাঁর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়ে। পরবর্তীতে তাঁর পরিবারের তরফে এই খবর ভুয়ো বলে নিশ্চিত করা হয়। বলিউডের ‘হিম্যান’কে দেখতে অনেকেই হাসপাতালে যান।

অন্যদিকে ধর্মেন্দ্রর মৃত্যুর ভুয়ো খবর ছড়াতেই এক্স হ্যান্ডেলে ক্ষুব্ধ হেমা লেখেন, ‘যা ঘটছে তা ক্ষমার অযোগ্য! দায়িত্বশীল চ্যানেলগুলি কীভাবে একজন ব্যক্তিকে নিয়ে মিথ্যে খবর ছড়াতে পারে?  এটা অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ। দয়া করে এই কঠিন সময়ে পরিবারের প্রতি যথাযথ সম্মান বজায় রাখুন। আর আমাদের একান্তে থাকতে দিন।‘