• facebook
  • twitter
  • youtube
Monday, 17 August, 2026

ইম্পায় দ্বন্দ্ব চরমে, সভাপতি পিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ প্রযোজকদের

পিয়ার দাবি, এঁরা নিজেদের বিজেপি সমর্থক বলে পরিচয় দিয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলেন এবং গেরুয়া আবির খেলেন। পাশাপাশি, তাঁর পদত্যাগ ও জরুরি নির্বাচনের দাবি তোলেন।

ইম্পায় দ্বন্দ্ব চরমে, সভাপতি পিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ প্রযোজকদের

টলিউডের প্রযোজকদের সংগঠন ইস্টার্ন ইন্ডিয়া মোশান পিকচারস অ্যাসোসিয়েশান (ইম্পা)- কে ঘিরে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। সংগঠনের সভাপতি পিয়া সেনগুপ্তর বিরুদ্ধে বৌবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রযোজকদের একাংশ। অভিযোগকারীদের মধ্যে রয়েছেন মিলন ভৌমিক-সহ এই সংগঠনের একাধিক সদস্য। তাঁদের দাবি, সভাপতির উপর আস্থা নেই, তাই সংগঠনের অফিস সিল করে দেওয়ার আবেদন জানানো হয়েছে প্রশাসনের কাছে।

অন্যদিকে, ইম্পার তরফ থেকেও পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, প্রথমে সংগঠনের অভিযোগ গ্রহণ করে পরে প্রযোজকদের অভিযোগও গ্রহণ করবে পুলিশ। এই প্রসঙ্গে পিয়া সেনগুপ্ত বলেন, ‘এটা গণতান্ত্রিক দেশ। সবার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আছে। কথা বলার স্বাধীনতাও রয়েছে। তাই যাঁরা এই পদক্ষেপ করছেন, তাঁরা তা করতেই পারেন।‘ যদিও তিনি অফিস সিল হয়ে গেলে সংগঠনের কাজ কীভাবে চলবে, সে বিষয়ে বলেন, ‘সময় এর উত্তর দেবে।‘

ঘটনার সূত্রপাত মূলত বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর। অভিযোগ, সোমবার সন্ধ্যা থেকে ইম্পার অফিসে জড়ো হন একাধিক প্রযোজক, যাঁদের মধ্যে ছিলেন কৃষ্ণা দাগা, রতন সাহা, পীযূষ সাহা, শতদীপ সাহা প্রমুখ। পিয়ার দাবি, এঁরা নিজেদের বিজেপি সমর্থক বলে পরিচয় দিয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলেন এবং গেরুয়া আবির খেলেন। পাশাপাশি, তাঁর পদত্যাগ ও জরুরি নির্বাচনের দাবি তোলেন।

প্রযোজকদের অভিযোগ আরও গুরুতর। তাঁদের দাবি, ইম্পায় রাজনীতির প্রভাব বেড়েছে এবং কাজ করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়েছে। তাঁরা বলেন, ‘ইম্পাতে রাজনীতির রং লাগিয়েছেন পিয়া সেনগুপ্ত। আমরা পিয়া সেনগুপ্তর অপসারণ চাই।’ পাশাপাশি স্বরূপ বিশ্বাস ও অরূপ বিশ্বাসের প্রভাব নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তবে সব অভিযোগই অস্বীকার করেছেন পিয়া। তাঁর বক্তব্য, ‘যদি এই রকম কোনও অভিযোগ থাকে তাহলে প্রমাণ দেখানো হোক। প্রমাণ ছাড়া কোনও কিছু বললে হবে না। ইম্পা কখনওই কোনও রাজনৈতিক সংগঠন নয়।’