• facebook
  • twitter
Saturday, 4 April, 2026

রাহুলের মৃত্যুর তদন্তের দাবিতে রিজেন্ট পার্ক থানায় এফআইআর আর্টিস্ট ফোরামের

 শুক্রবার রাতে তড়িঘড়ি মিটিং ডেকে এমনটাই জানানো হয় আর্টিস্ট ফোরামের তরফ থেকে

তালসারিতে শুটিং চলাকালীন মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। নিরপেক্ষ তদন্তের দাবিতে আর্টিস্ট ফোরামের তরফে রিজেন্ট পার্কে এফআইআর দায়ের করা হল।  শুক্রবার রাতে তড়িঘড়ি মিটিং ডেকে এমনটাই জানানো হয় আর্টিস্ট ফোরামের তরফ থেকে।

শুক্রবার সন্ধ্যার পর ফোরামের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলেই খবর। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, লাবণী সরকার প্রমুখ। প্রসঙ্গত, এই আর্টিস্ট ফোরামের সদস্য ছিলেন রাহুল নিজেও।

Advertisement

শনিবার দুপুরে রিজেন্ট পার্ক থানায় আর্টিস্ট ফোরামের সঙ্গে উপস্থিত ছিলেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৌরভ দাস, ঋতুপর্ণা সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত,  চিরঞ্জিত চট্টোপাধ্যায়সহ আরও অনেক অভিনেতা-অভিনেত্রী। ফোরামের তরফে জানানো হয়েছে, ১ এপ্রিল প্রযোজনা সংস্থাকে চিঠি পাঠানো হয়েছিল, কিন্তু এর উত্তর সন্তোষজনক না হওয়ায় পুনরায় বৈঠক করে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

ফোরামের তরফ থেকে শুক্রবার রাতে শান্তিলাল মুখোপাধ্যায় বলেন, ‘আর্টিস্ট ফোরামের তরফে আইনি পরামর্শ নিয়ে সঠিক কী ঘটনা ঘটেছে তা জানতে চেয়ে ১ এপ্রিল প্রথম চিঠি দেওয়া হয় প্রযোজনা সংস্থাকে। তার উত্তর ২ তারিখ আসলেও তাতে সন্তুষ্ট হতে পারেনি আর্টিস্ট ফোরাম। তাই ফের আইনি পরামর্শ নিয়ে ফোরামের তরফে  সংশ্লিষ্ট থানায় এফআইআর দায়ের করতে চলছে। দাবি, রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ এবং স্বচ্ছ তদন্ত।‘

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘রাহুলের চলে যাওয়াটা স্বাভাবিক নয়। দুর্ঘটনার পর আইনি ও আলোচনার পর এ সিদ্ধান্তে পৌঁছেছি। ফোরামের পক্ষ থেকে ১ এপ্রিল চিঠি পাঠানো হয়েছিল কিন্তু সঠিক উত্তর না পাওয়ায় এফআইআরের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।‘

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস আগেই জানিয়েছিলেন, ‘আর্টিস্ট ফোরাম ফেডারেশনের অন্তর্গত নয়, তাদের একজন সদস্যর মৃত্যুতে যতক্ষণ না ফোরাম কোনও ব্যবস্থা করছে, ফেডারেশনও সিদ্ধান্ত নিয়ে সন্দিহান। আর্টিস্ট ফোরামের এক প্রতিভাবান সদস্যের অকালে প্রয়াণের পর তারা কী পদক্ষেপ নিচ্ছে, সেই দিকেই আমরা অপেক্ষারত। আর্টিস্ট ফোরাম যতক্ষণ না কোনও সুনির্দিষ্ট পদক্ষেপ নিচ্ছে, ততক্ষণ আমরা কার্যত স্থবির অবস্থায় রয়েছি।’

গত রবিবার অর্থাৎ ২৯ মার্চ তালসারিতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় অভিনেতা রাহুলের। ময়নাতদন্তের রিপোর্টে দেখা গিয়েছে, অতিরিক্ত বালি ও জল ফুসফুসে ঢুকে ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছিল। তবে দুর্ঘটনার সঠিক কারণ নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। প্রযোজনা সংস্থা, সহকর্মী এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের মধ্যে বৈপরীত্য থাকায় ধোঁয়াশা কাটছে না। এ ঘটনার ফলে টলিপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

 

Advertisement