• facebook
  • twitter
  • youtube
Thursday, 4 June, 2026

দেশজুড়ে পালিত হবে ‘সমবায় সপ্তাহ’, স্বচ্ছতার পাঠ দেবে নবান্ন

এবার দেশজুড়ে পালিত হতে চলেছে ‘সমবায় সপ্তাহ’। সেখানেও স্বচ্ছতা বজায় রাখতে পাঠ দেবে নবান্ন

প্রতিনিধিত্বমূলক চিত্র

রাজ্যে পালাবদলের পর সর্বত্রই স্বচ্ছতার সঙ্গে কাজ শুরু হয়েছে। আর সবকিছুই যাতে সঠিকভাবে হয় তার জন্য নজরদারি রাখা হচ্ছে নবান্ন থেকে। প্রত্যেকটি প্রকল্প থেকে শুরু করে কর্মসূচি যাতে স্বচ্ছতার সঙ্গে হয় সেই নির্দেশই দেওয়া হয়েছে নবান্ন থেকে। এবার দেশজুড়ে পালিত হতে চলেছে ‘সমবায় সপ্তাহ’। সেখানেও স্বচ্ছতা বজায় রাখতে পাঠ দেবে নবান্ন। সর্বভারতীয় সমবায় সপ্তাহ হলো ভারতে সমবায় আন্দোলনের চেতনা প্রচার ও প্রসারের উদ্দেশ্যে পালিত একটি বার্ষিক সপ্তাহব্যাপী অনুষ্ঠান।

তৃণমূল সরকারের আমলে কোনও কিছুতেই স্বচ্ছতা ছিল না বলে অভিযোগ। সেসব যাতে বিজেপি সরকারের আমলে না ঘটে তাই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। সমবায় মন্ত্রকের প্রতিষ্ঠার পাঁচ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ২৯ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত দেশজুড়ে পালিত হবে ‘সমবায় সপ্তাহ’। পশ্চিমবঙ্গেও এই কর্মসূচি পালনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সমবায় দপ্তর।

কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ। তিনি চান প্রত্যেকটি রাজ্যে এই কর্মসূচি পালিত হোক। মানুষ সমবায় সম্পর্কে সচেতন হোক। আর তাতে পশ্চিমবঙ্গের মানুষজন বেশি করে সামিল হোক। তাই সপ্তাহব্যাপী একাধিক কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। যার মধ্যে অন্যতম হল হিসাবরক্ষণ, নিরীক্ষা এবং অডিট কমপ্লায়েন্স সংক্রান্ত কর্মশালা। যাতে কোনও দুর্নীতি না হয় তার জন্যই এই কর্মশালা বলে জানা যাচ্ছে।

এছাড়া রাজ্যের সমবায় সমিতিগুলিতে তৃণমূল সরকারের আমলে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। বিজেপি সরকার সেসব দুর্নীতি হোক চায় না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় আগেই জানিয়েছিলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। কোনও দুর্নীতি বরদাস্ত করা হবে না। আর যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন রাজ্যের নতুন সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া। আর সেই কারণেই এই সপ্তাহব্যাপী অনুষ্ঠানে স্বচ্ছতার পাঠ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। এই স্বচ্ছতার পাঠ দেওয়া হবে নবান্ন থেকে।