বাংলায় ক্ষমতায় আসার পরে প্রথম রাজ্য বাজেট পেশ করল বিজেপি সরকার। আর সেই বাজেটে বেতন বৃদ্ধি থেকে শুরু করে একাধিক ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এবারের বাজেটে ২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য শিক্ষিত বেকার যুবক-যুবতীদের মাসিক ভাতা বাড়ানোর কথা বলা হয়েছে।
বেকার যুবক-যুবতীদের মাসিক ভাতা দেওয়ার জন্য চলতি বছরের অক্টোবর থেকে ‘ভরসা কর্মসূচি’ চালু করা হবে। এই প্রকল্পের আওতায় আসা স্নাতক উত্তীর্ণরা মাসে তিন হাজার করে ভাতা পাবেন। অন্যদিকে, শিক্ষাগত যোগ্যতার কর্মহীন যুবক-যুবতীদের প্রতি মাসে দু’হাজার টাকা ভাতা দেওয়া হবে। তবে যে পরিবারের আয় এক লক্ষ টাকার কম তাঁরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। সেই সঙ্গে যাঁরা অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, সেইসব পরিবারের প্রার্থীরা এই প্রকল্পের আওতায় আসবেন।
বাজেট পেশের সময়ে অর্থমন্ত্রী জানান, সরকারি ও সরকার পোষিত কলেজে ছাত্রছাত্রীদের এককালীন ৩০ হাজার টাকা দেওয়া হবে। সেই সঙ্গে ১০০ জন মেধাবী ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট স্কিমের প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে, কেওয়াইসি নির্ভর জব কার্ড হোল্ডারদের ১২৫ দিনের কর্মসংস্থান দেওয়া হবে। ১০০ দিনের কাজের জন্য ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
ভরসা কর্মসূচি প্রকল্পে অবিবাহিত ছাত্রীরা এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এর জন্য রাজ্য সরকার বাজেটে এক হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। উল্লেখ্য, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত চলতি অর্থবর্ষের বাকি আট মাসের জন্য ৬০ কোটি ৭০ লক্ষ টাকার বাজেট পেশ করেছেন। তিনি জানিয়েছেন, এটি ‘বিকশিত বাংলা’ গড়ার রূপরেখা। বাজেটের মূল বার্তা, সামাজিক সুরক্ষা অব্যাহত রাখা, কর্মসংস্থান বৃদ্ধি, সরকারি কর্মীদের আর্থিক স্বস্তি এবং পরিকাঠামো উন্নয়ন।




