• facebook
  • twitter
Saturday, 2 May, 2026

অভিষেকের সৌজন্যে দৃষ্টি পেল যমজ শিশুকন্যা, অস্ত্রোপচার হায়দরাবাদে

সমাজমাধ্যমে পোস্ট করে অভিষেক জানান, সেবাশ্রয়ের অঙ্গীকারের মাধ্যমেই এই অসাধারণ সাফল্য এসেছে

পশ্চিমবঙ্গের আট মাস বয়সি যমজ শিশুকন্যা আলিফা ও রায়ানা খাতুনের জীবনে এক আশ্চর্য পরিবর্তন এল। জন্ম থেকেই তারা দৃষ্টিশক্তিহীন ছিল। পরিবার বহু চেষ্টা করেও কোনও স্থায়ী সমাধান খুঁজে পায়নি। অবশেষে চলতি বছরের জানুয়ারি মাসে ডায়মন্ড হারবারে অনুষ্ঠিত ‘সেবাশ্রয়’ শিবিরে তাদের নিয়ে যান তাদের মা। সেখানেই নতুন আশার আলো দেখা যায়।

চক্ষু বিশেষজ্ঞদের প্রাথমিক পরীক্ষায় জানা যায়, দুই শিশুরই দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তার জন্য প্রয়োজন জটিল অস্ত্রোপচার, যা অত্যন্ত ব্যয়সাপেক্ষ। নিম্নবিত্ত পরিবারের পক্ষে সেই খরচ বহন করা সম্ভব ছিল না। ঠিক এই সময়েই বিষয়টি নজরে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি উদ্যোগ নিয়ে তাঁর টিমের মাধ্যমে হায়দরাবাদের একটি বিশেষায়িত চক্ষু হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেন।

Advertisement

সমস্ত মেডিক্যাল রিপোর্ট পাঠানোর পর হাসপাতাল থেকে ইতিবাচক সাড়া মেলে। এরপর দুই শিশুকে তাদের মায়ের সঙ্গে দক্ষিণ ভারতে পাঠানো হয় চিকিৎসার জন্য। সেখানেই সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে দুই শিশুর দৃষ্টিশক্তি ফিরেছে, যা তাদের পরিবারের কাছে এক অবিশ্বাস্য আনন্দের মুহূর্ত।

Advertisement

অস্ত্রোপচারের পর শিশুদ্বয়ের মা একটি ভিডিও বার্তায় আবেগ প্রকাশ করে জানান, জন্মের পর থেকেই মেয়েরা কিছু দেখতে পেত না। তিনি কখনও ভাবেননি যে এমন দিন আসবে। এই সম্ভব হয়েছে সম্পূর্ণভাবে সেবাশ্রয় উদ্যোগ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহায়তায়।

নিজের সমাজমাধ্যমে পোস্ট করে অভিষেক জানান, সেবাশ্রয়ের অঙ্গীকারের মাধ্যমেই এই অসাধারণ সাফল্য এসেছে। আলিফা ও রায়ানা এখন নতুন জীবনের পথে এগোচ্ছে। এর আগেও এই উদ্যোগের মাধ্যমে বহু জটিল রোগীর সফল চিকিৎসা হয়েছে—কখনও কলকাতায়, কখনও দক্ষিণ ভারতের উন্নত চিকিৎসাকেন্দ্রে। এই ঘটনাও সেই ধারাবাহিকতার আরেকটি উল্লেখযোগ্য উদাহরণ হয়ে রইল।

 

Advertisement