• facebook
  • twitter
  • youtube
Tuesday, 16 June, 2026

বঙ্গে ঝড়বৃষ্টি চলবে আরও দু’দিন

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আরও কিছু দিন ঝড়বৃষ্টি চলবে। উত্তর এবং দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণও।

আপাতত বৃষ্টি থেকে রেহাই মিলবে না। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আরও কিছু দিন ঝড়বৃষ্টি চলবে। উত্তর এবং দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণও। অন্তত দু’দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। উত্তরের পাহাড়ঘেঁষা জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সোমবার পর্যন্ত।

আজ ও সোমবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে আজ এবং রবিবার ভারী বৃষ্টি হতে পারে। দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে দুর্যোগ চলতে পারে মঙ্গলবার পর্যন্ত।

আজ দার্জিলিং, কালিম্পং, কোচবিহারেও ভারী বৃষ্টি হবে। সমুদ্র উত্তাল থাকার কারণে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। আজ পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কবার্তা থাকছে। হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে।

উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার। মৌসুমি অক্ষরেখাও কোটা, রাঁচি, বাঁকুড়া, দিঘা হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গে। ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে।