• facebook
  • twitter
Monday, 9 February, 2026

শীতের আমেজের মাঝে বাড়ছে উষ্ণতা

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম

কলকাতায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও শীতের অনুভূতি এখনও বজায় রয়েছে। পারদ স্বাভাবিকের নীচেই ঘোরাফেরা করছে শহরে। ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশাও দেখা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী আরও কয়েক দিন কলকাতা-সহ গোটা রাজ্যেই শীতের আমেজ অনুভূত হবে। তার পর ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৭ ডিগ্রির উপরে ওঠেনি, সেটিও স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি কম। গত কয়েক দিন ধরে শহরের তাপমাত্রা ধারাবাহিক ভাবে নিম্নমুখী ছিল। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৪.৫ ডিগ্রিতে, সোমবার তা কিছুটা বেড়েছে।

Advertisement

আপাতত রাজ্যের কোথাও বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের দু’-একটি জেলায় কুয়াশার প্রভাব থাকতে পারে। দক্ষিণবঙ্গের সর্বত্রই শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Advertisement

সোমবার দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা রাজ্যের মধ্যে সবচেয়ে কম। কালিম্পঙে পারদ নেমেছিল ৯ ডিগ্রিতে। দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নদিয়ার কল্যাণীতে ১১ ডিগ্রি। শ্রীনিকেতন, বাঁকুড়া, বহরমপুর, ক্যানিং ও সিউড়িতেও পারদ ১২ ডিগ্রির আশপাশে ছিল।

আগামী তিন দিন রাতের তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তার পরের চার দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। কোচবিহার, দার্জিলিং ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। ভোরের দিকে দৃশ্যমানতা কমে ২০০ থেকে ৯৯৯ মিটার পর্যন্ত নেমে যেতে পারে।

Advertisement