পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন গণনা পর্যবেক্ষক নিয়োগ করেছে। এই সংক্রান্ত একটি বিস্তারিত তালিকাও কমিশন প্রকাশ করেছে। সোমবার রাজ্যের ২৯৩টি আসনে (ফলতা বাদে) ভোট গণনা অনুষ্ঠিত হবে। যদিও কমিশনের প্রকাশিত তালিকায় ২৯৪টি আসনের উল্লেখ রয়েছে। সেই তালিকা অনুযায়ী, রাজ্যের বিভিন্ন কেন্দ্রে মোট ৪৩২ জন গণনা পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।
জেলা অনুযায়ী পর্যবেক্ষকের সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে ৩৩টি আসনের জন্য মোট ৪৯ জন গণনা পর্যবেক্ষক নিযুক্ত রয়েছেন, যা রাজ্যের মধ্যে সর্বাধিক। এর পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, যেখানে ৩১টি আসনে ৪৫ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। কলকাতার উত্তর ও দক্ষিণ মিলিয়ে ১১টি আসনের জন্য ১২ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। অন্যদিকে, সবচেয়ে কম পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে আলিপুরদুয়ার জেলায়—সেখানে পাঁচটি আসনের জন্য মাত্র ছ’জন পর্যবেক্ষক রয়েছেন।
Advertisement
কমিশন সূত্রে জানা গিয়েছে, গণনা পর্যবেক্ষকদের প্রধান কাজ হবে ভোট গণনার পুরো প্রক্রিয়াকে সহায়তা করা এবং তা সঠিকভাবে সম্পন্ন হচ্ছে কি না, তা নজরে রাখা। পাশাপাশি গণনাকেন্দ্রগুলির নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য পৃথকভাবে পুলিশ পর্যবেক্ষকও নিয়োগ করা হয়েছে।
Advertisement
কমিশন আরও জানিয়েছে, অতিরিক্ত ১৬৫ জন গণনা পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। যেসব কেন্দ্রে একাধিক গণনাকক্ষ রয়েছে, সেখানে এই অতিরিক্ত পর্যবেক্ষকেরা মূল পর্যবেক্ষকদের সহায়তা করবেন।
প্রতিটি গণনাকেন্দ্রের জন্য একজন করে পুলিশ পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে। সব মিলিয়ে ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক দায়িত্বে থাকবেন। তাঁদের কাজ হবে গণনাকেন্দ্রের বাইরে নিরাপত্তা বজায় রাখা। তবে কমিশন স্পষ্ট জানিয়েছে, পুলিশ পর্যবেক্ষকেরা কোনও অবস্থাতেই গণনাকক্ষের ভিতরে প্রবেশ করতে পারবেন না; বরং অন্যান্য নির্বাচনী কর্মীদের সঙ্গে সমন্বয় রেখে তাঁরা দায়িত্ব পালন করবেন।
Advertisement



