• facebook
  • twitter
Sunday, 8 March, 2026

আজ সন্ধ্যায় রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ

রবিবার সন্ধ্যাতেই জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের প্রতিনিধিদল বাংলায় পৌঁছবে

প্রতিনিধিত্বমূলক চিত্র

আজ, রবিবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারও আসছেন। রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক মহলের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে কমিশনের। সফরের শুরুতেই মুখ্য নির্বাচন কমিশনার কলকাতার ঐতিহ্যবাহী মন্দির কালীঘাটে পুজো দিতে যেতে পারেন বলে সূত্রের খবর। পাশাপাশি তিনি  বেলুর মঠেও যেতে পারেন বলে জল্পনা চলছে।

তবে এই বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার অগরওয়াল জানান, এ ধরনের কোনও সরকারি কর্মসূচির খবর তাঁর কাছে নেই। তিনি বলেন, যদি মুখ্য নির্বাচন কমিশনারের ব্যক্তিগত কোনও পরিকল্পনা থাকে, তবে তিনি সেই অনুযায়ী কোথাও যেতে পারেন।

Advertisement

রবিবার সন্ধ্যাতেই জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের প্রতিনিধিদল বাংলায় পৌঁছবে। এরপর সোম ও মঙ্গলবার রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক, পুলিশ সুপার এবং জেলাশাসকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করার কথা রয়েছে। পাশাপাশি বুথ লেভেল অফিসারদের (বিএলও) সঙ্গেও বৈঠক করবেন কমিশনের সদস্যরা। সফরের শেষে একটি সাংবাদিক বৈঠক করারও সম্ভাবনা রয়েছে।

Advertisement

এদিকে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বা এসআইআর নিয়ে রাজ্যে ইতিমধ্যেই আলোচনা তুঙ্গে। কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৭ অক্টোবর যখন এই প্রক্রিয়া শুরু হয়, তখন রাজ্যে মোট ভোটার সংখ্যা ছিল প্রায় ৭ কোটি ৬৬ লক্ষ। খসড়া তালিকা প্রকাশের পর দেখা যায় প্রায় ৫৮ লক্ষের বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকায় রাজ্যের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজারে। এর মধ্যে ফর্ম ৭ জমা পড়ার পর প্রায় ৫ লক্ষ ৪৬ হাজার ভোটারের নাম বাতিল হয়েছে। তবে এখনও প্রায় ৬০ লক্ষ আবেদন বিচারাধীন রয়েছে।

মঙ্গলবারের সাংবাদিক বৈঠকে এই বিচারাধীন ভোটারদের ভবিষ্যৎ এবং সম্ভাব্য ভোটের নির্ঘণ্ট নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার কী ঘোষণা করেন, সেদিকেই নজর থাকবে সবার। এরই মধ্যে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিনই রাজ্যে মিছিলের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মহিলাদের কালো পোশাক পরে পথে নেমে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। ফলে নির্বাচন কমিশনের সফরের মধ্যেই রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠছে।

 

 

Advertisement