• facebook
  • twitter
Tuesday, 12 May, 2026

আগামীকাল সচিবদের নিয়ে রিভিউ বৈঠক করবেন শুভেন্দু অধিকারী

‘কাল নয়, আজই কাজ’, সচিবদের কড়া বার্তা শুভেন্দুর

প্রশাসনিক সংস্কার এবং দপ্তরগুলির কাজের গতি বাড়াতে বুধবার ফের সব দপ্তরের সচিবদের নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন সূত্রের খবর, এদিন বিকেল ৪টে নাগাদ নবান্নের সভাঘরে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর সচিবদের সঙ্গে দীর্ঘ বৈঠক হয় মুখ্যমন্ত্রীর। আজ ফের নতুন করে বৈঠক ডাকা হয়েছে।

নবান্ন সূত্রের খবর, প্রশাসনে বড় ধরনের সংস্কারের ইঙ্গিতও দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে নিয়োগ প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিনের সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, সব দপ্তরেই নিয়োগ নিয়ে সমস্যা রয়েছে। তবে খুব দ্রুত সেই ব্যবস্থায় সংস্কার আনা হবে। শিক্ষা দপ্তরের সচিবকে তিনি স্পষ্ট নির্দেশ দেন, নিয়ম মেনে এবং স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

Advertisement

কেন্দ্রীয় প্রকল্পের অর্থ আনার বিষয়েও জোর দেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে রাজ্যে উন্নয়নমূলক কাজের গতি আরও বাড়ানো হবে। অতীতে প্রশাসনিক ক্ষেত্রে যে ভুল হয়েছে, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, ‘এখন কথা কম, কাজ বেশি হবে।’ সূত্রের খবর, সচিবদের নিয়ে একটি বিশেষ সমন্বয় গোষ্ঠীও তৈরি করা হবে। সেখানে মুখ্যমন্ত্রী নিজেও থাকবেন এবং গোটা প্রক্রিয়া দেখভাল করবেন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল।

Advertisement

প্রসঙ্গত, সোমবার প্রায় দেড় ঘণ্টার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক কাজে স্বচ্ছতা এবং নিয়ম মেনে কাজ করার উপর জোর দিয়ে শুভেন্দু অধিকারী সচিবদের উদ্দেশে বলেন, ‘ভয়হীন ভাবে কাজ করুন। এই সরকারে সব কাজ লিখিতভাবে হবে। কোনও মৌখিক নির্দেশে কাজ হবে না।’ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার বার্তাও দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কোনও বিষয়ে প্রয়োজন মনে হলে সচিবরা সরাসরি তাঁর সঙ্গে দেখা করতে পারবেন। জরুরি পরিস্থিতিতে সময় না নিয়েও যোগাযোগ করার কথাও জানান তিনি।

বৈঠকে বিভিন্ন দপ্তরের কাজ নিয়েও বিস্তারিত খোঁজ নেন মুখ্যমন্ত্রী। খাদ্য দপ্তরের সচিবের কাছে তিনি জানতে চান, কেন আগের দিন দপ্তরের ওয়েবসাইট বন্ধ হয়ে গিয়েছিল। স্বাস্থ্য দপ্তরের কাজ এবং একাধিক প্রশাসনিক বিষয় নিয়েও প্রশ্ন করেন তিনি।

Advertisement