• facebook
  • twitter
  • youtube
Wednesday, 8 July, 2026

দুধিয়া সেতু উদ্বোধনে মুখ্যমন্ত্রী, দুর্ভোগ থেকে মিলল রেহাই

অগ্নিবীরদের নিয়োগ করার পরিকল্পনা করছে রাজ্য। এর মধ্যে ১০০ জনের একটি ইউনিট কলকাতায়। ৫০ জনের একটি ইউনিট সাগরদ্বীপে এবং দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াংয়ের জন্য থাকবে একটি ইউনিট।

দুধিয়া সেতু উদ্বোধনে মুখ্যমন্ত্রী, দুর্ভোগ থেকে মিলল রেহাই

Photo: Statesman

টানা ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাসে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছিল দুধিয়ায় বালাসন নদীর উপরে অবস্থিত গুরুত্বপূর্ণ দুধিয়া সেতুটি। এবার সেই সেতুটি পুননির্মাণের পরে বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার উদ্বোধন করলেন। এদিন ভার্চুয়াল মাধ্যমে তিনি দুধিয়া বেইলি ব্রিজটির উদ্বোধন করেন। সেই সঙ্গে এদিন তিনি ভারতীয় সেনাবাহিনী, পিডব্লিউডি এবং জেলা প্রশাসনকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

কয়েকদিন আগে উত্তরবঙ্গে প্রবল জলের তোড়ে ভেসে গিয়েছিল দুধিয়ার বিকল্প বেইলি সেতু। সেই বেইলি সেতু পুনর্নির্মাণের পরে বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, গত ২০২৫ সালের অক্টোবরে যে দুর্ঘটনা ঘটেছিল, তারপর দেড় কোটি টাকা ব্যয়ে একটি বেইলি ব্রিজ নির্মাণ করা হয়েছিল। হয়তো তাতে কিছু দুর্বলতাও ছিল। সেই ব্রিজটিও পুরোপুরি ভেসে যায়। সেনাবাহিনী এবং রাজ্য সরকারের পক্ষ থেকে পিডব্লিউডির সাহায্যে এই ব্রিজটি ফের চালু করা হল।

Suvendu Adhikari
Photo: Statesman

মুখ্যমন্ত্রীর কথায়, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ৫৩ কোটি টাকা ব্যয়ে যে স্থায়ী কংক্রিট ব্রিজের কাজ চলছে, তা আমরা ২০২৭ সালের মার্চের মধ্যে সম্পূর্ণ করব। যখন এর উদ্বোধন হবে, তখন আমি নিজে সেখানে গিয়ে আপনাদের সবাইকে নিয়ে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করব। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অসামরিক প্রতিরক্ষা দপ্তরের তরফে সেপ্টেম্বর মাস থেকে আধুনিক যন্ত্রপাতি-সহ পাহাড়ে স্থায়ীভাবে প্রশিক্ষিত একটি ৫০ সদস্যের দল মোতায়েন করার ব্যবস্থা হয়েছে। তাঁরা পুলিশ, সেনাবাহিনী এবং দমকল বাহিনীকে সাহায্য করবেন।

আপাতত মার্চ পর্যন্ত সৈনিক বোর্ড থেকে কিছু প্রাক্তন সেনাকর্মীকে নিয়োগ করা হয়েছে। এরপর অগ্নিবীরদের নিয়োগ করার পরিকল্পনা করছে রাজ্য। এর মধ্যে ১০০ জনের একটি ইউনিট কলকাতায়। ৫০ জনের একটি ইউনিট সাগরদ্বীপে এবং দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াংয়ের জন্য থাকবে একটি ইউনিট।

Suvendu Adhikari
Photo: Statesman

মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত তৎপরতা ও দূরদর্শিতাকে সাধুবাদ জানিয়েছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। তিনি  মিরিক, দুধিয়া ও তরাই-ডুয়ার্সের অবহেলিত মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত দুমাসের কার্যকালে পাহাড়ের স্বাস্থ্য, শিক্ষা ও পরিকাঠামো ক্ষেত্রে শুভেন্দু অধিকারী যে সমস্ত পদক্ষেপ করেছেন, তা এককথায় নজিরবিহীন।

উল্লেখ্য, দুধিয়ায় বালাসন নদীর উপরে অবস্থিত গুরুত্বপূর্ণ দুধিয়া সেতুটি টানা ভারী বর্ষণে বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বৃষ্টিতে বালাসনের উপরে থাকা আগের সেতুটি ভেসে যাওয়ায় কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে দুধিয়া এলাকায়। এর কারণে স্থানীয় বাসিন্দা, নিত্যযাত্রী থেকে শুরু করে পর্যটকরাও অনেক সমস্যায় পড়ছিলেন। তবে এবার সেই দুর্ভোগ থেকে কিছুটা হলেও রেহাই পাবেন স্থানীয় বাসিন্দারা।