• facebook
  • twitter
Thursday, 26 March, 2026

বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

সোমবারও অন্তত চারটি জেলায় ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে

রাজ্যে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা। পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। এই দুই প্রভাব মিলিয়ে আগামী কয়েক দিনে ঝড়বৃষ্টি আরও বাড়বে বলে সতর্ক করা হয়েছে।

শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দু-এক জায়গায় ৩০–৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে শনিবার ও রবিবার পরিস্থিতি আরও খারাপ হতে পারে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ঝড়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারও অন্তত চারটি জেলায় ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

Advertisement

এরই মধ্যে শুক্রবার সাতটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলি হল পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম। এই সব এলাকায় ৫০–৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ ঝড়বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তরের মতে, মঙ্গলবার থেকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

অন্যদিকে, উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। আগামী ২ এপ্রিল পর্যন্ত সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। রবিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কমলা সতর্কতা বহাল থাকবে।

 

Advertisement