• facebook
  • twitter
  • youtube
Saturday, 27 June, 2026

‘চক্রান্ত করে জনবিন্যাস পাল্টে দেওয়ার চেষ্টা চলছে’, অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে দিলীপ

এবার অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করে সবার জন্য এক আইন নিয়ে আসতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার

‘চক্রান্ত করে জনবিন্যাস পাল্টে দেওয়ার চেষ্টা চলছে’, অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে দিলীপ

সব ঠিক থাকলে আগামী সোমবার বিধানসভায় পেশ হবে অভিন্ন দেওয়ানি বিধি বিল। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, বিধানসভায় পেশ করা হবে অভিন্ন দেওয়ানি বিধি বিল। অন্যান্য অনেক রাজ্যেই এই আইন কার্যকর করা হয়েছে। আগের সরকার পশ্চিমবঙ্গে তা চালু করতে দেয়নি। এই আইন রাজ্যে কার্যকর হলে সব নাগরিক একটি আইনের আওতায় আসবে। সুতরাং আইনের ক্ষেত্রে আর ভেদাভেদ থাকবে না। এবার এই আইনের পক্ষে সওয়াল করলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

এদিকে পশ্চিমবঙ্গে এই আইনের প্রয়োজন কেন? সেটাও বুঝিয়ে দিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী। সমাজে বিশৃঙ্খলা ঠেকাতে এই আইনের প্রয়োজন বলে বুঝিয়ে দিয়েছেন তিনি। তাতে যে আখেরে মানুষের উপকারই হবে সেটাও জানিয়ে দিয়েছেন তিনি। শনিবার বৈদির ভিলেজে প্রাতঃভ্রমণ করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ‘অন্যান্য রাজ্যে এই আইন আগেই আনা হয়েছে। সমাজে বিশৃঙ্খলা ঠেকাতে এই আইনের প্রয়োজন আছে। দেশের জনবিন্যাস পরিবর্তন হয়ে যাচ্ছে। চক্রান্ত করে জনবিন্যাস পাল্টে দেওয়ার চেষ্টা চলছে। সরকারি জমি, খাল-বিল দখল করে ‘ল্যান্ড জিহাদ’ চলছে। তাই আইন এনে এগুলি বন্ধ করা উচিত।’

অন্যদিকে একদিন আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ সব বন্ধ করে দেওয়া হবে। রাজ্যে কোনও অপরাধ, দুর্নীতি, নারী নির্যাতন, জমি দখল-সহ নানা অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে। কাউকে ছাড়া হবে না। এবার অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করে সবার জন্য এক আইন নিয়ে আসতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। বিধানসভায় তা নিয়ে আলোচনা হবে। তার আগে এই আইন নিয়ে পঞ্চায়েতমন্ত্রীর বক্তব্য, ‘হিন্দু সমাজ আজ বিপন্ন। তাদের রক্ষাকবচ দরকার। দেশের একটা রক্ষাকবচ দরকার। বাংলাদেশ থেকে কোটি কোটি লোক ঢুকেছে। মানুষের জমি জায়গা সরকারি সুযোগ সুবিধা নিয়ে বসে আছে। এগুলি আর হতে দেওয়া যাবে না।’

তাছাড়া জোর করে ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর আইন চালু করা হবে বঙ্গে। কঠিন আইন আনবে রাজ্য সরকার বলে আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘পশ্চিমবঙ্গেও আগামী দিনে ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি আসবে। সীমান্তবর্তী জেলাগুলিতে আমরা হোল্ডিং স্টেশন তৈরি করেছি। যারা ভারতীয় সংস্কৃতি,  সনাতন সংস্কৃতি,  রাষ্ট্রবাদ নষ্ট করার জন্য সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গ প্রবেশ করে শুধু ল্যান্ড জিহাদ,  লাভ জিহাদ,  ধর্ম পরিবর্তন এবং নানা ধরণের জিহাদি কাজের সঙ্গে যুক্ত হয়ে বাংলা তথা দেশকে দুর্বল করার চেষ্টা করেছে বা করছে তাদেরকে হোল্ডিং স্টেশনে রেখে সরাসরি যেখান থেকে এসেছিল সেখানে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।’