• facebook
  • twitter
  • youtube
Friday, 5 June, 2026

প্রাইভেট টিউশন বন্ধ করতে কড়া পদক্ষেপ রাজ্য সরকারের

২০০৯ সালের শিক্ষার অধিকার আইনের ২৮ নম্বর ধারায় সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন নিষিদ্ধ করা হয়েছে

সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করার বিষয়ে পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। শিক্ষার অধিকার আইনে প্রাইভেট টিউশন বন্ধ করার নির্দেশ রয়েছে। এবার সেই নির্দেশ কার্যকর করতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। সরকারি শিক্ষকদের টিউশন পড়ানোর প্রবণতায় রাশ টানতে কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়ে নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর।

নির্দেশিকায় বলা হয়েছে, কোনও সরকারি বা সরকার পোষিত স্কুলে কর্মরত শিক্ষক গৃহশিক্ষকতা করতে পারবেন না। নির্দেশিকায় এও বলা হয়েছে, যদি শিক্ষক নিজের স্কুল বা অন্য কোনও পড়ুয়াকে প্রাইভেট টিউশন দেন, তাহলে জেলা স্কুল পরিদর্শক এবং স্কুলশিক্ষা দপ্তর কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে।

২০০৯ সালের শিক্ষার অধিকার আইনের ২৮ নম্বর ধারায় সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন নিষিদ্ধ করা হয়েছে। এ নিয়ে বিতর্ক তৈরি হলেও তা বন্ধ করা যায়নি। এবার জাতীয় মানবাধিকার কমিশন থেকে বিজ্ঞপ্তি পেয়ে পদক্ষেপ করল রাজ্য সরকার।

বৃহস্পতিবার স্কুল শিক্ষা দপ্তরের তরফে স্কুল পরিদর্শকদের এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছে। এই ধরনের অভিযোগ সামনে এলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলেও জানানো হয়েছে। উল্লেখ্য, স্কুলের শিক্ষকদের কাছে না পড়লে পরীক্ষায় নম্বর কমিয়ে দেওয়া মতো অভিযোগ শোনা যেত। এই ধরনের ঘটনা বন্ধ করতে এবং সেই ভয়ের সংস্কৃতি বন্ধ করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।

রাজ্যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে গৃহশিক্ষক কল্যাণ সমিতি বিধায়কদের কাছে স্মারকলিপি দেয়। তবে নিষেধাজ্ঞা যদি শুধু কাগজ কলমেই থাকে তাহলে রাজ্যজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।