• facebook
  • twitter
  • youtube
Monday, 27 July, 2026

জিন্সের ওয়াশ কারখানায় বয়লার বিস্ফোরণ, মৃত ১ শ্রমিক

পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক ভাবে বয়লারের যান্ত্রিক ত্রুটির কারণেই বিস্ফোরণ ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। তবে কারখানাটিতে নিরাপত্তাবিধি মানা হয়েছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

জিন্সের ওয়াশ কারখানায় বয়লার বিস্ফোরণ, মৃত ১ শ্রমিক

Photo: Magnific (প্রতীকী ছবি)

জিন্সের ওয়াশ কারখানায় বয়লার বিস্ফোরণে মৃত্যু হল এক শ্রমিকের। ঘটনাটি ঘটেছে সোমবার দক্ষিণ ২৪ পরগনা জেলার ঠাকুরপুকুরের মহেশতলা ব্লকের চট্টা কালিকাপুর এলাকায়। ইতিমধ্যেই এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার টিনের শেডের একাংশ উড়ে যায়। স্থানীয়দের আশঙ্কা, ঘটনায় আরও কয়েকজন আহত হয়ে থাকতে পারেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই এলাকায় একাধিক কারখানায় জিন্সের প্যান্ট ধোয়া ও রং করার কাজ হয়। সোমবারও একটি কারখানায় বয়লারে জিন্স পরিষ্কারের জন্য জল গরম করা হচ্ছিল। সেই সময় আচমকাই বিকট শব্দে বয়লারটি ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই প্রবল ছিল যে কারখানার টিনের ছাউনি আংশিক ভেঙে উড়ে যায়। ঘটনাস্থলেই একজন শ্রমিক গুরুতর জখম হন।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা সেখানে এসে উদ্ধারকাজে হাত লাগান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অশোক সহিস (৪৫)। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানে।

আরও পড়ুন: পরিবহন দপ্তরে অ্যাপ ক্যাব চালকদের বিক্ষোভের ডাক, ১১ দফা দাবিতে সরব সিটু-সমর্থিত সংগঠন

ঘটনার খবর পেয়ে কালীতলা আশুতি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক ভাবে বয়লারের যান্ত্রিক ত্রুটির কারণেই বিস্ফোরণ ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। তবে কারখানাটিতে নিরাপত্তাবিধি মানা হয়েছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় আর কেউ আহত হয়েছেন কি না, সেই বিষয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ।