• facebook
  • twitter
Saturday, 23 May, 2026

রাজ্যের ৪ জেলায় নতুন চার মেডিক্যাল কলেজের পরিকল্পনা শুভেন্দুর

আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, কালিম্পং এবং দক্ষিণ দিনাজপুর জেলায় মেডিক্যাল কলেজ হাসপাতাল হবে

রাজ্যে আরও চারটি মেডিক্যাল কলেজ হাসপাতাল তৈরির প্রস্তুতি শুরু করল রাজ্যের শুভেন্দু অধিকারী সরকার৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে বৈঠকের পর শনিবার নবান্নে এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী। এদিন শুভেন্দু জানান, রাজ্যে যে চার জেলায় এখনও মেডিক্যাল কলেজ হাসপাতাল নেই, সেই চার জেলাতেই নতুন হাসপাতাল তৈরি করবে রাজ্য সরকার।

এদিন নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ‘আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, কালিম্পং এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বর্তমানে কোনও মেডিক্যাল কলেজ হাসপাতাল নেই। তাই ওই চার জেলাতেই মেডিক্যাল কলেজের মানের হাসপাতাল তৈরির জন্য রাজ্য সরকার উদ্যোগী হয়েছে।’

Advertisement

মুখ্যমন্ত্রী আরও জানান, কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক যুগান্তকারী অধ্যায় তাঁর সরকার শুরু করতে চলেছে। কিছুদিনের মধ্যেই যার সুফল পেতে শুরু করবেন সাধারণ মানুষ। প্রধানমন্ত্রীর স্বপ্ন, বাংলার প্রতিটি জেলায় মেডিক্যাল কলেজ থাকবে। প্রধানমন্ত্রীর সেই স্বপ্ন পূরণ করতে তিনি এদিনের বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন। বর্তমানে পশ্চিমবঙ্গের চারটি জেলায় কোনও মেডিক্যাল কলেজ নেই৷ এই চারটি জেলায় মেডিক্যাল কলেজ তৈরির জন্য প্রয়োজনীয় জমি সহ যাবতীয় পরিকল্পনা খুব শীঘ্রই তাঁর সরকার প্রস্তাব আকারে কেন্দ্রকে পাঠাবে।

Advertisement

কালিম্পংয়ে মেডিক্যাল কলেজ হাসপাতাল তৈরির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। এদিন বিস্তা জানান, ২০১৯ থেকে তিনি নিয়মিত পাহাড়ে মেডিক্যাল কলেজ তৈরির দাবি জানিয়ে আসছেন। কিন্তু বিগত তৃণমূল সরকারের অসহযোগিতার কারণে এই গুরুত্বপূর্ণ কাজ বাস্তবায়িত হয়নি। রাজ্যের নতুন সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে এই জনকল্যাণমূলক বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিয়েছে।

এ জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। উল্লেখ্য, চলতি মাসের ১০ তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এক চিঠিতে রাজু বিস্তা কালিম্পং জেলা হাসপাতালকে মেডিক্যাল কলেজে উন্নীত করার প্রস্তাব দিয়েছিলেন। রাজনৈতিক মহলের মতে, পাহাড়ের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এই উদ্যোগ বাস্তবায়িত হলে শুধুমাত্র কালিম্পং জেলা নয়, বরং পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকার মানুষও উন্নত চিকিৎসা পরিষেবার সুবিধা পাবেন।

Advertisement