• facebook
  • twitter
  • youtube
Monday, 22 June, 2026

হকার উচ্ছেদের পর স্টেশনে ভ্রাম্যমাণ ফুড স্টল, নতুন পরিকল্পনায় রেল

রেল সূত্রে জানা গিয়েছে, স্টেশনে প্রবেশপথের কাছাকাছি চুক্তির ভিত্তিতে এই স্টল বসানোর অনুমতি দেওয়া হবে। বিশেষত্ব হল, প্রয়োজন অনুযায়ী স্টলগুলিকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যাবে

প্রতিকি ছবি (Photo: IANS)

পালাবদলের পর শহর ও শহরতলির বিভিন্ন রেলস্টেশনে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান জোরদার হয়েছে। এর জেরে অনেক স্টেশন চত্বর এখন অনেকটাই ফাঁকা। এই পরিস্থিতিতে যাত্রী পরিষেবা বজায় রাখতে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে নতুন উদ্যোগ নিতে চলেছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। বিভিন্ন স্টেশনে ভ্রাম্যমাণ ফুড স্টল বসানোর পরিকল্পনা করা হয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, স্টেশনে প্রবেশপথের কাছাকাছি চুক্তির ভিত্তিতে এই স্টল বসানোর অনুমতি দেওয়া হবে। বিশেষত্ব হল, প্রয়োজন অনুযায়ী স্টলগুলিকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যাবে। ইতিমধ্যেই এই ধরনের ভ্রাম্যমাণ গাড়ির নকশা অনুমোদন করেছে রেল।
পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি স্টলে থাকবে দুই তলা ব্যবস্থা। নীচের অংশে থাকবে টেক-অ্যাওয়ে কাউন্টার, যেখান থেকে যাত্রীরা খাবার কিনে নিয়ে যেতে পারবেন।
উপরের অংশে সীমিত সংখ্যক মানুষের বসে খাওয়ার ব্যবস্থা থাকবে। চা, কফি, স্ন্যাকস-সহ বিভিন্ন ধরনের ইনস্ট্যান্ট ফুড এবং প্রস্তুত খাবার বিক্রির সুযোগ থাকবে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, খাবারের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যেই রাখার চেষ্টা করা হবে। পাশাপাশি খাবারের মান, স্বাস্থ্যবিধি ও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত রেলের নির্ধারিত নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে স্টল পরিচালকদের। প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য স্টল বসানোর অনুমতি দেওয়া হবে।
প্রথম পর্যায়ে কলকাতা স্টেশন ও শিয়ালদহ স্টেশনে দুটি ভ্রাম্যমাণ ফুড স্টল চালুর পরিকল্পনা রয়েছে। পরে অন্যান্য স্টেশনেও এই ব্যবস্থা সম্প্রসারণ করা হতে পারে। রেল আধিকারিকদের মতে, যাত্রীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে স্টেশন ঢোকা ও বেরোনোর পথে পর্যাপ্ত জায়গা রেখেই স্টল বসানো হবে। জরুরি বা বিশেষ পরিস্থিতিতে স্টলগুলি দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থাও থাকবে। রেলের আশা, এই উদ্যোগে একদিকে যেমন যাত্রীরা সহজে খাবার পাবেন, অন্যদিকে বহু মানুষের কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে।