ভোটের দিন সকালেই বিক্ষোভের মুখে পড়লেন পানিহাটি কেন্দ্রের বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। বুধবার আগরপাড়া নিউ আদর্শ নগর এলাকায় তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং ‘গো ব্যাক’ স্লোগান ওঠে। অভয়ার মায়ের অভিযোগ, তৃণমূলের লোকজন তাঁকে আটকাতে এই কাজ করছেন। বিক্ষোভকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সকালে ভোট দেন রত্না দেবনাথ। পানিহাটি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডে ঘোরার সময়ই কিছু লোক তাঁর গাড়ি আটকে স্লোগান দিতে শুরু করে বলে অভিযোগ। তাঁর দাবি, তৃণমূল সমর্থকরাই পরিকল্পিতভাবে এই বিক্ষোভ করেছে। তিনি বলেন, “আমার গাড়ি ঘিরে ধরা হয়, আমাকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। এতে শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া ব্যাহত হতে পারে।” এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানান তিনি।
Advertisement
ভোটের দিনেও তাঁর পোশাকে ছিল প্রতিবাদের ছাপ। সাদা শাড়ির কালো পাড়ে লেখা ছিল, ‘মেরুদণ্ড বিক্রি নেই।’ ভোট দিয়ে বেরিয়ে তিনি আত্মবিশ্বাসের সুরে বলেন, “মানুষ আমাদের পাশে রয়েছে। আমরা জিতব এবং বিচার পাব।” তাঁর স্বামীও জানান, তাঁদের মেয়ের মৃত্যুর সুবিচারের জন্যই এই রাজনৈতিক লড়াইয়ে নামতে হয়েছে, যা তাঁদের কাছে অত্যন্ত বেদনাদায়ক, কিন্তু প্রয়োজনীয়।
Advertisement
উল্লেখযোগ্যভাবে, বছর দেড়েক আগে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এ এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় তীব্র আন্দোলন হয়েছিল রাজ্যজুড়ে। সেই ঘটনার পর থেকেই রত্না দেবনাথ প্রকাশ্যে প্রতিবাদে সামিল হন। পরবর্তীতে তিনি অভিযোগ করেন, তাঁর মেয়ের ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা হচ্ছে। সেই প্রেক্ষিতেই তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন এবং বিজেপির প্রার্থী হিসেবে পানিহাটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন।
Advertisement



