আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে যোগাভ্যাসের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গার্ডেনরিচে যান। সেখানে তিনি দেশীয় প্রযুক্তিতে নির্মিত তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং সেগুলি ভারতীয় নৌসেনার হাতে তুলে দেন।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্রয় এবং আইএনএস সংশোধককে নৌবাহিনীর বহরে অন্তর্ভুক্ত করা হয়। যদিও জাহাজগুলি মার্চ মাসেই প্রস্তুত হয়েছিল, আনুষ্ঠানিক হস্তান্তর বাকি ছিল।

গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই তিন যুদ্ধজাহাজ ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার গুরুত্বপূর্ণ নির্দশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা এবং নৌ ও সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা।
তিনটি জাহাজের মধ্যে আইএনএস দুনাগিরি একটি অত্যাধুনিক স্টেলথ ফ্রিগেট, যা শত্রপক্ষের রাডার এড়িয়ে নির্ভুল আঘাত করতে সক্ষম। আইএনএস সংশোধক একটি বৃহৎ সার্ভে ভেসেল, যা সমুদ্রের গভীরে নজরদারি ও জরিপের কাজে ব্যবহৃত হবে। অন্যদিকে, আইএনএস অগ্রয় একটি শক্তিশালী সাবমেরিন-বিধ্বংসী যুদ্ধজাহাজ, যা সমুদ্রের তলায় লুকিয়ে থাকা শত্রু ডুবোজাহাজ শনাক্ত ও ধ্বংস করার ক্ষমতা রাখে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজ গোটা বিশ্ব আন্তর্জাতিক যোগ দিবস পালন করছে। পশ্চিমবঙ্গের মহান ভূমিতে আসার সুযোগ মিলেছে। এই ভূমি ভারতকে নতুন দিশা দিয়েছে। পুনর্জাগরণের পথ দেখিয়েছে। সমুদ্রপথে গোটা বিশ্বকে জুড়েছে বাংলা’। তিনি আরও বলেন, ‘ নৌশক্তি ছাড়া দেশের শক্তিবৃদ্ধি অসম্ভব। আইএনএস নৌসেনার শক্তি বাড়াবে।’




