• facebook
  • twitter
  • youtube
Thursday, 18 June, 2026

ভোট-পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক, রাজ্যে কমছে কেন্দ্রীয় বাহিনী

ভোট-পরবর্তী হিংসা এবং নিরাপত্তা ইস্যু এখনও রাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে রয়েছে।

চলতি বছরে বিধানসভা ভোট যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তার জন্য রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। কিন্তু ভোটপর্ব মিটে যাওয়ার পরে রাজ্যে হিংসা ও অশান্তি যাতে না হয়, তার জন্য কেন্দ্রীয় বাহিনীকে রাখা হয়েছিল। এবার গোটা পরিস্থিতি বিবেচনা করে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রের খবর, এতদিন রাজ্যের বিভিন্ন জেলায় ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। বুধবার থেকে গোটা রাজ্যে ১৫০ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে। কলকাতার জন্য ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছে। অন্যদিকে, হাওড়ার জন্য ৬ কোম্পানি বরাদ্দ করা হয়েছে।

সূত্রের খবর, রাজ্য থেকে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে নবান্ন। প্রশাসনের মূল্যায়ন, ভোট-পরবর্তী পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। সেই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক থাকায় বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী রাখার আর প্রয়োজন নেই বলে মনে করছে প্রশাসন।

তবে সংবেদনশীল এলাকা এবং রাজনৈতিকভাবে স্পর্শকাতর জেলাগুলিতে এখনও কেন্দ্রীয় বাহিনীর নজরদারি বজায় থাকবে। রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনীর কর্তারা পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখছে। প্রশাসনিক সূত্রের খবর, প্রয়োজনে ফের বাহিনীর সংখ্যা বাড়ানো হবে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, প্রশাসন কেন্দ্রীয় বাহিনী কমানোর সিদ্ধান্ত নিয়ে আদতে স্বাভাবিক পরিস্থিতির বার্তা দিতে চাইছে। কিন্তু বিরোধী শিবির গোটা পরিস্থিতির উপরে নজর রাখছে। কারণ ভোট-পরবর্তী হিংসা এবং নিরাপত্তা ইস্যু এখনও রাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে রয়েছে।