রাজ্যের ক্রীড়া পরিকাঠামো আরও শক্তিশালী করতে এশিয়ান গেমসে সোনাজয়ী ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন ক্রীড়াবিদ জ্যোতির্ময়ী শিকদারের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী ডা. ইন্দ্রনীল খাঁ। খেলোয়াড়দের জন্য উন্নত মানের দৌড়পথ ও সুযোগ বাড়ানোর লক্ষ্যে শনিবার এই বৈঠক হয়।
এদিনের বৈঠকে গ্রামীণ ও শহরতলির প্রতিভাবান খেলোয়াড়দের জন্য আরও সুযোগ তৈরির বিষয়টি গুরুত্ব পায়। উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা, আধুনিক পরিকাঠামো গড়ে তোলা এবং একেবারে নিচুতলা থেকে অ্যাথলেটিক্সের প্রসার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রী এদিন বলেন, ‘দেশে খেলাধুলার উন্নয়ন এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই লক্ষ্যকে সামনে রেখেই রাজ্যে আন্তর্জাতিক মানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলা এবং তরুণ খেলোয়াড়দের জন্য আরও সুযোগ সৃষ্টি করার উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার।’
আন্তর্জাতিক স্তরের খেলোয়াড় হিসেবে নিজের অভিজ্ঞতার ভিত্তিতে জ্যোতির্ময়ী শিকদার এদিন একাধিক পরামর্শ দেন। দক্ষ খেলোয়াড় তৈরি করা, যথেষ্ট দৌড়পথের প্রয়োজনীয়তা এবং রাজ্যের অ্যাথলেটিক্স পরিকাঠামো আরও শক্তিশালী করার বিষয়ে পরামর্শ দেন তিনি।
এছাড়াও, অল্প বয়সে প্রতিভা চিহ্নিতকরণ, অ্যাথলেটিক্সে অংশগ্রহণ বৃদ্ধি এবং সরকারি সংস্থা, ক্রীড়া সংগঠন ও সফল ক্রীড়াবিদদের মধ্যে সমন্বয় বাড়ানোর উপায় নিয়েও এদিন বিস্তর আলোচনা হয়।
ডা. ইন্দ্রনীল খাঁ জানান, পশ্চিমবঙ্গে ক্রীড়ার অনুকূল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে রাজ্যের প্রত্যন্ত এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের সামনে নতুন সুযোগের দরজা খুলে দেওয়ার দিকেও জোর দেবে রাজ্য সরকার।




