• facebook
  • twitter
  • youtube
Wednesday, 1 July, 2026

সেন্ট্রাল পার্কে জরুরি মেরামতি, বিকেল ৫টা থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় আংশিক পরিষেবা

সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে জরুরি পয়েন্ট রক্ষণাবেক্ষণের কাজের জন্য বুধবার বিকেল ৫টা থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবায় সাময়িক পরিবর্তন আনা হয়।

সেন্ট্রাল পার্কে জরুরি মেরামতি, বিকেল ৫টা থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় আংশিক পরিষেবা

সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে জরুরি পয়েন্ট রক্ষণাবেক্ষণের কাজের জন্য বুধবার বিকেল ৫টা থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবায় সাময়িক পরিবর্তন আনা হয়। এর জেরে হাওড়া ময়দান থেকে ফুলবাগান পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও, ফুলবাগানের পরের অংশে পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

 

 

মেট্রো কর্তৃপক্ষ জানায়, জরুরি রক্ষণাবেক্ষণের প্রয়োজনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অফিসফেরত ব্যস্ত সময়ে পরিষেবায় এই পরিবর্তনের জেরে কিছুটা ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

 

 

তবে দীর্ঘক্ষণ এই পরিস্থিতি স্থায়ী হয়নি। মেরামতির কাজ দ্রুত শেষ হওয়ায় বিকেল ৫টা ৪১ মিনিট থেকেই হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ রুটে ফের স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হয়। এরপরই গ্রিন লাইনে পরিষেবা স্বাভাবিক হয়ে যায়।

 

প্রসঙ্গত দিন দুয়েক আগেই একবার কলকাতা মেট্রোতে সমস্যা হয়েছিল। সিগন্যাল সমস্যার কারণে মাঝরাস্তাতে থমকে গিয়েছিল মেট্রো। সেক্টর ফাইভ পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল মেট্রো পরিষেবা। দ্রুত পরিস্থতি স্বাভাবিক করা হয়েছিল। কিন্তু তারপরে ফের দুইদিনের মাথাতে আবার মেট্রো সমস্যা নাকাল করছে শহরবাসীকে।

 

বর্তমানে পার্পেল লাইনে মেট্রো পরিষেবা নিয়ে কাজ চলছে। পার্পল রুটে এবার মেট্রো যাবে ডায়মন্ড পার্ক পর্যন্ত। প্রায় দেড় কিলোমিটারের বেশি সম্প্রসারিত হচ্ছে মেট্রোর লাইন। বদলে যাচ্ছে প্রান্তিক স্টেশনও। মেট্রো রেলের তরফে এই মর্মে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।

 

বছরের পর বছর আটকে থাকার পর, অবশেষে চিংড়িঘাটায় মেট্রোর জট কেটেছে। সবকিছু ঠিকঠাক চললে অদূর ভবিষ্যতে কলকাতা স্টেশনের সঙ্গেও জুড়ে যেতে পারে মেট্রো। এবার পার্পল লাইনের সম্প্রসারণ নিয়েও নতুন সিদ্ধান্ত নিল মেট্রো রেল। জোকা-ধর্মতলা মেট্রোর রুট সম্প্রসারণ করা হল। আর প্রান্তিক স্টেশন থাকছে না জোকা।

 

মেট্রো যাবে ডায়মন্ড পার্ক পর্যন্ত। এই নিয়ে সিদ্ধান্ত হয়ে গেছিল আগেই। সোমবার মেট্রো রেলের তরফে জারি করা হল বিজ্ঞপ্তি। মেট্রো রেল সূত্রে খবর, ধর্মতলা-জোকা রুট সম্প্রসারণের জন্য IIM জোকার তরফেও আবেদন জানানো হয়েছিল। এই মুহূর্তে পার্পল লাইনে ৭ টি স্টেশন চালু রয়েছে। কাজ বাকি রয়েছে আরও ৫ টি স্টেশনের। জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত রুটে চালু রয়েছে পরিষেবা।