• facebook
  • twitter
  • youtube
Wednesday, 29 July, 2026

ইদে আর ২ দিন ছুটি নয়, বিজ্ঞপ্তি জারি নবান্নের

নবান্নের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৬ ও ২৭ মে নয়, আগামী ২৮ মে বৃহস্পতিবার ইদ উপলক্ষে সরকারি ছুটি থাকবে

ইদে আর ২ দিন ছুটি নয়, বিজ্ঞপ্তি জারি নবান্নের

প্রতিনিধিত্বমূলক চিত্র

রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর সরকারি ছুটির নীতিতেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। বকরি ইদ উপলক্ষে পূর্বনির্ধারিত দু’দিনের ছুটি কমিয়ে একদিন করার সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। নবান্নের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৬ ও ২৭ মে নয়, আগামী ২৮ মে বৃহস্পতিবার ইদ উপলক্ষে সরকারি ছুটি থাকবে।

গত কয়েক বছর ধরে রাজ্যে ইদ উপলক্ষে দু’দিন সরকারি ছুটির রীতি চালু ছিল। বছরের শুরুতে পূর্বতন সরকারও একই ঘোষণা করেছিল। তবে নতুন প্রশাসনের দাবি, চাঁদ দেখার উপর নির্ভর করে উৎসবের দিন নির্ধারিত হওয়ায় প্রকৃত নির্ঘণ্ট অনুযায়ী ছুটির দিন সংশোধন করা হয়েছে। নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে ছুটিতে এই পরিবর্তনের কথা জানানো হয়েছে। এই বিজ্ঞপ্তি জারি করেছেন রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্যসচিব পি কে মিশ্র।

তবে প্রশাসনিক মহলের একাংশের মতে, বিষয়টি শুধুমাত্র ক্যালেন্ডার সংশোধনের মধ্যে সীমাবদ্ধ নয়। নতুন সরকার অতিরিক্ত ছুটির সংস্কৃতিতে লাগাম টানার বার্তাও দিতে চাইছে। কর্মসংস্কৃতি ও প্রশাসনিক গতিশীলতার স্বার্থে কাজের দিনে কাজের পরিবেশ বজায় রাখার দিকেই জোর দেওয়া হচ্ছে বলে মত পর্যবেক্ষকদের।

এই সিদ্ধান্তের পর সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে দুর্গাপূজার দীর্ঘ ছুটি নিয়েও। পূর্বতন সরকারের আমলে পুজো উপলক্ষে টানা বহুদিন ছুটি ঘোষণার নজির ছিল। এমনকি এ বছরও দীর্ঘ ছুটির পরিকল্পনা আগে থেকেই ঘোষণা করা হয়েছিল।

প্রশাসনিক সূত্রের দাবি, সরকারি কাজের ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতে অতিরিক্ত ছুটির সংখ্যা পুনর্বিবেচনা করা হতে পারে। যদিও দুর্গাপূজার ছুটি নিয়ে এখনও কোনও সরকারি সিদ্ধান্ত জানানো হয়নি, তবুও ইদের ছুটি সংক্রান্ত এই পরিবর্তনের পর বিষয়টি নিয়ে জল্পনা তৈরি হয়েছে।