• facebook
  • twitter
Thursday, 23 April, 2026

ভোট দিতে পারলেন না নন্দলাল বসুর নাতি, সস্ত্রীক বুথ থেকে ফিরিয়ে দেওয়া হল

ট্রাইব্যুনালের রায় গেল বিফলে

সব আইনি প্রক্রিয়া পেরিয়েও শেষ পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করতে পারলেন না প্রখ্যাত শিল্পী নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন এবং তাঁর স্ত্রী দীপা সেন। বৃহস্পতিবার তাঁরা বোলপুরের একটি ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিতে গেলেও, বুথে তাঁদের জানানো হয় যে ভোটার তালিকায় তাঁদের নাম নেই।

জানা গিয়েছে, বুথের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক প্রথমে তাঁদের নাম খুঁজে না পেয়ে ভোট দিতে অস্বীকার করেন। তখন বৃদ্ধ দম্পতি সুপ্রিম কোর্টের নির্দেশের কপি দেখান। তবে আধিকারিকরা সেই নথির মুদ্রিত কপি জমা দিতে বলেন। নির্দেশ মেনে সেটিও দেওয়া হয়, কিন্তু তাতেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। বরং তাঁদের জানানো হয়, সিউড়িতে জেলাশাসকের দপ্তর থেকে লিখিত অনুমতি নিয়ে আসতে হবে। বয়সজনিত কারণে সেই দূরত্ব অতিক্রম করা সম্ভব নয় বলে জানিয়ে শেষ পর্যন্ত ভোট না দিয়েই ফিরে যেতে বাধ্য হন তাঁরা।

Advertisement

উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়ার পর সুপ্রবুদ্ধ ও তাঁর স্ত্রীর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে। এরপর তাঁরা ট্রাইব্যুনালে আবেদন জানান এবং পরে বিষয়টি সুপ্রিম কোর্টেও পৌঁছয়। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ নির্দেশ দেয়, তাঁদের আবেদনের ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করতে হবে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, তাঁরা সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিয়েছিলেন এবং পরবর্তীতে ট্রাইব্যুনালের নির্দেশে তাঁদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বলেও খবর ছিল। কিন্তু বাস্তবে ভোটের দিন সেই নাম তালিকায় না থাকায় তাঁরা ভোট দিতে পারেননি। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক ত্রুটি এবং নির্বাচন প্রক্রিয়ার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

 

 

 

Advertisement