• facebook
  • twitter
  • youtube
Friday, 19 June, 2026

‘সরাসরি আমাকেও জানাতে পারেন’, জলমগ্ন মহানগরী পরিদর্শন করলেন অগ্নিমিত্রা

নাগাড়ে বৃষ্টির জেরে সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিটের মতো চেনা এলাকা জলমগ্ন হয়ে পড়েছে

প্রতিনিধিত্বমূলক চিত্র

শুক্রবার দিনেরবেলা রাতের অন্ধকার নেমে আসে। মহানগরীতে তখন তুমুল বৃষ্টি শুরু হয়েছে। একদিন আগেও তপ্ত মহানগরীর সাক্ষী থেকেছে বাসিন্দারা। আর সকাল থেকে বাদল হলো ফুরিয়ে এলো বেলা। বৃষ্টিতে তখন ভাসছে মহানগরী-সহ গোটা বাংলা। একের পর এক পড়ছে বাজ। শুক্রবার এই বাজ পড়েই কলকাতা বিমানবন্দরে জখম হলেন দুই কর্মী। তড়িঘড়ি তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। আর সকাল থেকেই ‘অ্যাকশন’ মোডে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে দেখা গেল রাজপথে। কলকাতার একাধিক এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন মন্ত্রী। জলমগ্ন চিড়িয়াখানাতেও পরিদর্শনে যান তিনি।

এদিকে লাগাতার বৃষ্টির জেরে মহানগরের একাধিক নিচু এলাকা জলের তলায় চলে গিয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে শহরের স্বাভাবিক জনজীবন। রাস্তায় জল জমে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। তীব্র যানজটে আটকে পড়েন নিত্যযাত্রীরা। তার জেরে ভিড় বাড়তে থাকে মেট্রো পথে। এই পরিস্থিতিতে বিপত্তি ঘটে কলকাতা বিমানবন্দরে। যেখানে বিমান থেকে মালপত্র নামানোর সময় হঠাৎ বাজ পড়ে আহত হন দুই গ্রাউন্ড স্টাফ। টানা বৃষ্টিতে কলকাতার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শুরু করে কলেজ মোড়, উইপ্রো মোড়-সহ বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গিয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে জলমগ্ন শহরে পরিদর্শন করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কেমন করে কাজ করলে দ্রুত জল বের হবে সেটা নিয়ে কথা বলেন আধিকারিকদের সঙ্গে।

অন্যদিকে নাগাড়ে বৃষ্টির জেরে সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিটের মতো চেনা এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বাদ যায়নি দমদম এবং বাগুইআটির বিস্তীর্ণ অঞ্চলও। ইএম বাইপাস এবং মা ফ্লাইওভারের মতো গুরুত্বপূর্ণ পথ জলের তলায় চলে যায়। তার জেরে ধীরে চলতে থাকে যানবাহন। ইতিমধ্যেই তৎপর হয়েছে কলকাতা পুরসভা। শহরজুড়ে পাম্প চালিয়ে জল নিকাশির কাজ শুরু করা হয়। একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে। শুক্রবার শহরের জমা জলের পরিস্থিতি খতিয়ে দেখতে সশরীরে পরিদর্শনে বের হন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রী যুদ্ধকালীন তৎপরতায় সেখান থেকে দ্রুত জল নিকাশির ব্যবস্থা করার নির্দেশ দেন অফিসারদের।

তাছাড়া আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। যা বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করেছে। তার ফলে আগামী কয়েকদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ‘শহরে যেখানে যেখানে জল জমেছে অথবা সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন, তাঁরা অবিলম্বে কলকাতা পুরসভার হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন। পুর ও নগরোন্নয়ন দপ্তরের ওয়েবসাইটেও জানান। আপনাদের কাছে যদি আমার নম্বর থাকে তাহলে সরাসরি আমাকেও জানাতে পারেন। শুভেন্দু অধিকারীর সরকার অত্যন্ত তৎপর রয়েছে। যেখানেই সমস্যা হবে, খবর পাওয়া মাত্র আমরা নিজেরা সেখানে পৌঁছে যাব।’