• facebook
  • twitter
  • youtube
Friday, 5 June, 2026

আসানসোলে সরকারি টাকার অপচয়ে ক্ষুব্ধ মন্ত্রী অগ্নিমিত্রা পাল

এদিন স্টোরে ঘুরে মন্ত্রী দেখেন,  রাস্তা পরিষ্কারের বড় বড় স্প্রিংক্লার গাড়ি,  ময়লা তোলার গাড়ি পড়ে রয়েছে।

সরকারি টাকার চরম অপচয় এবং অব্যবস্থার এক নজিরবিহীন চিত্র প্রকাশ্যে এল। আসানসোল পুরনিগমের কালিপাহাড়ি কেন্দ্রীয় স্টোরে অব্যবস্থার সেই চিত্র ফুটে উঠেছে। মিশন নির্মল বাংলা প্রকল্পে কেনা কোটি কোটি টাকার সাফাই গাড়ি ও সরঞ্জাম বছরের পর বছর ধরে সেখানে পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে সেগুলি ব্যবহার না হওয়ার ফলে নষ্ট হয়ে গিয়েছে। শুক্রবার এই স্টোরে পরিদর্শনে গিয়ে কার্যত ক্ষোভে ফেটে পড়েন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

​এদিন স্টোরে ঘুরে মন্ত্রী দেখেন,  রাস্তা পরিষ্কারের বড় বড় স্প্রিংক্লার গাড়ি,  ময়লা তোলার গাড়ি পড়ে রয়েছে। সেই সঙ্গে বর্জ্য বহনের সাইকেল ভ্যান এবং হাজার হাজার ডাস্টবিন খোলা আকাশের নিচে ঝোপঝাড়ে পড়ে রয়েছে। সেগুলির বেশিরভাগই নষ্ট হয়ে গিয়েছে। এমনকী বহু নতুন গাড়ির এখনও নম্বর প্লেট বা রেজিস্ট্রেশন পর্যন্ত করানো হয়নি।

আধিকারিকরা বিএস-৩ ইঞ্জিন সংক্রান্ত নিয়মের দোহাই দিলেও কেন এভাবে মাল কিনে ফেলে রাখা হল,  তা নিয়ে মন্ত্রী প্রশ্ন তোলেন। সাফাইকর্মীদের সুরক্ষার ক্ষেত্রেও বহু গাফিলতি চোখে পড়েছে মন্ত্রী অগ্নিমিত্রা পালের। স্টোরে প্রায় দুই হাজার জোড়া গামবুট বা সুরক্ষামূলক জুতো মজুত রাখা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও, পুরনিগমের সাফাইকর্মীদের কোনও গ্লাভস,  জুতো বা বর্ষাতি ছাড়াই খালি পায়ে কিংবা সাধারণ চটি পরে নর্দমার আবর্জনা পরিষ্কার করতে হচ্ছে।

স্টোর পরিদর্শনের পরে ক্ষুব্ধ হয়ে মন্ত্রী বলেন, ‘সুরক্ষার সামগ্রী কর্মীদের না দিয়ে কি কাউন্সিলাররা বর্ষাকালে পরবেন বলে রেখে দেওয়া হয়েছিল?’ ​এই চরম অব্যবস্থার পরিপ্রেক্ষিতে মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্টোরের সমস্ত সামগ্রীর বিস্তারিত তালিকার পাশাপাশি তা দ্রুত বিতরণের পরিকল্পনা চেয়ে রিপোর্ট তলব করেন। সেই সঙ্গে নথির বাইরে কত টাকার সামগ্রী কেনা হয়েছিল কেন তা মানুষের কাজে লাগানো হয়নি  তার পেছনে বড় কোনও আর্থিক গাফিলতি রয়েছে কি না সেইসব কিছু খতিয়ে দেখতে একটি বৃহত্তর তদন্তের ইঙ্গিত দিয়েছেন অগ্নিমিত্রা পাল।