ডায়মন্ড হারবার এলাকায় ভোটারদের ভয় দেখানোর অভিযোগ সামনে আসতেই তৎপর নির্বাচন কমিশন। পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার কাকদ্বীপ ও কাটোয়ায় যাচ্ছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল।
সম্প্রতি অভিযোগ ওঠে, কাকদ্বীপ এলাকায় বাইক মিছিল করে কিছু দুষ্কৃতী ভোটারদের হুমকি দিচ্ছে। স্লোগানের মাধ্যমে ভয় দেখানো হচ্ছে বলেও দাবি করা হয়। বিষয়টি সামনে আসতেই স্থানীয় নির্বাচন আধিকারিক ও পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেন এবং কোনও রকম হেনস্থা না হয়।
Advertisement
সূত্রের খবর, কাকদ্বীপে পৌঁছে মনোজ আগরওয়াল প্রার্থীদের ও তাঁদের নির্বাচনী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এরপর প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতির পর্যালোচনা করবেন। কাকদ্বীপের বৈঠক শেষে তিনি পূর্ব বর্ধমানের কাটোয়ায় যাবেন। সেখানেও প্রার্থী ও তাঁদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।
Advertisement
উল্লেখ্য, কাকদ্বীপ ও কাটোয়া— এই দুই এলাকাই দ্বিতীয় দফার ভোটগ্রহণের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির মধ্যে রয়েছে। আগামী ২৯ এপ্রিল এই দফার ভোট হবে। এর আগে ডায়মন্ড হারবার এলাকায় দায়িত্বে গাফিলতির অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার-সহ পাঁচ পুলিশ আধিকারিককে বরখাস্ত করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘন ও নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হওয়ার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রথম দফার ভোটগ্রহণ মোটের উপর শান্তিপূর্ণ হলেও দ্বিতীয় দফায় যাতে কোনও অশান্তি না হয়, সে বিষয়ে বিশেষ নজর দিচ্ছে নির্বাচন কমিশন। ৪ মে ভোটগণনা হওয়ার কথা।
Advertisement



