• facebook
  • twitter
Monday, 30 March, 2026

শুনানি শেষের আগে বিএলএদের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ মমতার

‘নো ম্যাপিং’ ভোটারদের উপর বিশেষ নজর

প্রতিনিধিত্বমূলক চিত্র

এসআইআর প্রক্রিয়ায় আর মাত্র তিন দিনের মধ্যেই শুনানির কাজ শেষ হবে। এই সীমিত সময়কে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই সময়ে কোনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়, সে বিষয়ে কড়া নজর রাখতে নির্দেশ দিলেন। বিশেষ করে ‘নো ম্যাপিং’ ভোটারদের উপর নজর দিতে বিএলএ-২দের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এমনকি পাড়ার কোনও রাস্তা বা গলিও যেন বাদ না যায়, সেদিকেও নজর রাখতে বলেছেন মুখ্যমন্ত্রী। এভাবে তিনি কার্যত ‘ম্যান মার্কিং’-এর কৌশল নেওয়ার কথাই বলেছেন।

মঙ্গলবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কাউন্সিলরদের পাশাপাশি বিএলও-২দের নিয়ে একটি বৈঠক হয়। সেখানে তিনি স্পষ্ট জানান, যাঁদের ম্যাপিং হয়নি তাঁদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। এলাকায় কারও শুনানি না হয়ে থাকলে তা নিশ্চিত করতে হবে। নতুন ভোটারদের নাম যেন কোনওভাবেই বাদ না যায়, সে দিকেও সতর্ক দৃষ্টি রাখতে বলেছেন তৃণমূল নেত্রী। রাজ্যের প্রতিটি বুথের প্রতিটি বাড়িতে পৌঁছনোর নির্দেশ দিয়েছেন তিনি।

Advertisement

এসআইআর প্রক্রিয়া নিয়ে তৃণমূলের অভিযোগ, বেছে বেছে মহিলাদের উপর টার্গেট করা হচ্ছে। মাইক্রো অবজারভাররা ইআরওদের উপর নজরদারি করছেন বলেও অভিযোগ। বিজেপির ইশারায় বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে বলে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে। এ নিয়ে সুপ্রিম কোর্টেও মামলা হয়েছে। সেখানে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করেছেন।

Advertisement

উল্লেখ্য, বর্তমানে রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার শুনানি চলছে। আগামী ১৪ ফেব্রুয়ারি সেই প্রক্রিয়া শেষ হবে। তার আগেই বিএলএ-২দের সক্রিয়ভাবে এলাকায় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এসআইআর শুনানি প্রক্রিয়া শেষ হওয়ার আগে আবারও বিএলও-২দের সঙ্গে বৈঠক করে প্রতিটি ভোটারের বাড়ি পৌঁছনোর বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো।

 

Advertisement