• facebook
  • twitter
Friday, 17 April, 2026

‘প্রতিহিংসার রাজনীতি করছে’, দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানা নিয়ে আক্রমণ মমতার

কোচবিহারের রাসমেলা ময়দানে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা থেকে তীব্র আক্রমণ শানান তৃণমূল নেত্রী

ভোটের মুখে জমি সংক্রান্ত দুর্নীতি মামলায় আয়কর দপ্তরের রেডার  দেবাশিস কুমার।  শুক্রবার ভোর থেকে তাঁর মনোহরপুকুর রোডের বাড়ি ও নির্বাচনী কার্যালয়ে তল্লাশি চালায় আয়কর দপ্তর। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে একযোগে একাধিক ঠিকানায় এই অভিযান শুরু হয়। পরে তাঁর শ্বশুরবাড়িতেও তল্লাশি চালানো হয়েছে বলে জানা যায়। তবে এই আয়কর তল্লাশির সঙ্গে জমি দুর্নীতি মামলার সরাসরি কোনও যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

এদিন কোচবিহারের রাসমেলা ময়দানে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা থেকে তীব্র আক্রমণ শানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, বিজেপি কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে তৃণমূলকে চাপে ফেলতে চাইছে। তাঁর কথায়, ‘কালো টাকার কারবারিরা বাইরে বসে আছে, আর আমার প্রার্থীর বাড়ি ও পার্টি অফিসে তল্লাশি চলছে। এমনকি আমার বিমানেও তল্লাশি চালানোর চেষ্টা হয়েছে। এরা সামনাসামনি লড়াই করতে পারে না।‘

Advertisement

মমতা বন্দ্যোপাধ্যায় আরও দাবি করেন, ভোটের আগে ইচ্ছাকৃতভাবে তৃণমূলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে। তবে শেষ পর্যন্ত সাধারণ মানুষই ভোটবাক্সে এর জবাব দেবেন বলে তিনি আত্মবিশ্বাসী।

Advertisement

অন্যদিকে, তল্লাশির খবর ছড়িয়ে পড়তেই দেবাশিস কুমারের কার্যালয়ের সামনে জড়ো হন দলীয় কর্মী-সমর্থকেরা। সেখানে বিক্ষোভ ও স্লোগান শুরু হয়। তাঁদের অভিযোগ, আয়কর আধিকারিকরা কার্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র খতিয়ে দেখছেন, যা ‘নিয়মবিরুদ্ধ’। এই ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে তৃণমূলের অন্দরে। বর্তমানে তল্লাশি চলায় নির্বাচনী প্রচার স্থগিত রেখে বাড়িতেই রয়েছেন দেবাশিস কুমার। পুরো ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

Advertisement