• facebook
  • twitter
  • youtube
Monday, 15 June, 2026

আরজি কর কাণ্ডের তদন্ত রিপোর্ট প্রস্তুত, নবান্নে জমা দিলেন কলকাতার পুলিশ কমিশনার

কদিন আগে বদলি হয়েছেন কলকাতার গোয়েন্দা প্রধান সোমা দাসমিত্র এবং যুগ্ম কমিশনার (সদর) সুদীপ সরকার

রাজ্যে পালাবদলের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন, আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত হবে। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই সাসপেন্ড করে দেওয়া হয়েছিল তিন আইপিএস অফিসারকে। তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি (নর্থ) অভিষেক গুপ্তা এবং ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছিল। তারপর শুরু হয় তদন্ত। আর এবার আরজি কর কাণ্ডে নবান্নে রিপোর্ট জমা দিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। স্বরাষ্ট্র দপ্তর এই রিপোর্ট তলব করেছিল লালবাজারের কাছে। আর তা জমা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

এদিকে এই তিন আইপিএস অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হওয়ার সঙ্গে খতিয়ে দেখা হয়, আরজি কর কাণ্ডে সাসপেন্ডেড তিন আইপিএস অফিসারের মধ্যে কার কী ভূমিকা ছিল? সেগুলি তদন্ত করে দেখা হয়েছে বলে সূত্রের খবর। তারপর সেগুলি লিখিত আকারে গড়ে তোলা হয়। এগুলিই এবার রাজ্য স্বরাষ্ট্র দপ্তরে জমা পড়েছে লালবাজারের পক্ষ থেকে। অভিযোগ, আরজি কর কাণ্ডে তথ্যপ্রমাণ লোপাট করা হয়েছিল। সেগুলি কতটা কী করা হয়েছিল সেটাও তাতে উল্লেখ রয়েছে বলে জানা যাচ্ছে। আরজি কর হাসপাতালে নিহত তরুণীর মা এখন রাজ্যের বিধায়ক। তাই এই বিষয়টি নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।

অন্যদিকে কদিন আগে বদলি হয়েছেন কলকাতার গোয়েন্দা প্রধান সোমা দাসমিত্র এবং যুগ্ম কমিশনার (সদর) সুদীপ সরকার। তাঁরা বদলি হওয়ার আগে আরজি কর কাণ্ডে কলকাতার পুলিশ কমিশনারকে পৃথক একটি রিপোর্ট জমা দেন। আর সেই রিপোর্টের ভিত্তিতে কলকাতার নগরপাল অজয় নন্দা নবান্নে এই নিয়ে বিস্তারিত রিপোর্ট দিয়েছেন বলে সূত্রের খবর। এবার সেই রিপোর্টের মধ্যে থাকা বিষয় কতটা বাইরে আসে এবং কী কী পদক্ষেপ করা হয় সেটাই এখন দেখার।

তাছাড়া টালা থানার ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। ওই রিপোর্টে টালা থানা সম্পর্কে কিছু তথ্য উল্লেখ করা আছে বলে জানা যাচ্ছে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে ১৪ আগস্ট ‘রাত দখল’ কর্মসূচি নিয়েও পুলিশি ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য ওই রিপোর্টে রয়েছে। আবার ওই রাতে আরজি কর হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর নিয়ে মোট কতগুলি মামলা দায়ের করা হয়েছিল, কতজনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং মামলাগুলির এখন স্টেটাস কী সবটা ওই রিপোর্টে তুলে ধরা হয়েছে বলে সূত্রের খবর। তবে যে দুটি বিষয় সেখানে উল্লেখ করা নেই এবং তদন্ত চলছে সেগুলি হল- ১) অভয়ার মাকে ১০ লক্ষ টাকা প্রদানের প্রস্তাব কার নির্দেশে দেওয়া হয়েছিল? ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় আগ বাড়িয়ে সাংবাদিক সম্মেলন করেছিলেন কার নির্দেশে? বলে সূত্রের খবর।