পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের কোলা-১ নম্বর গ্রাম পঞ্চায়েত দখল করলো বিজেপি। রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর কোলা -১ গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত তৃণমূলের প্রধান এবং উপপ্রধান পদত্যাগ করেন। বুধবার প্রশাসনিকভাবে বোর্ড গঠন করার জন্য ভোটাভুটি পর্ব চলে পঞ্চায়েত সদস্যদের মধ্যে। এই ভোটাভুটি পর্বে মোট ১৬ টি আসনের মধ্যে সিপিএমের ২ সদস্য অনুপস্থিত ছিলেন। গ্রাম পঞ্চায়েতের ১৬ আসনের মধ্যে তৃণমূল পায় ১০ টি, বিজেপি ৪ টি এবং সিপিএম ২টি।
এদিন উপস্থিত ১৪ জনের ভোটাভুটির পর বিজেপি পায় ৯ টি আসন এবং তৃণমূল পায় ৫ টি আসন।বিজেপির উপপ্রধান হিসেবে নির্বাচিত হন বিশ্বজিৎ দাস। তবে এই গ্রাম পঞ্চায়েতে নতুন বোর্ড গঠনে পঞ্চায়েত প্রধান সিটটি মহিলা তপসিলী সংরক্ষিত আসন হওয়ার জন্য,এই প্রধান পদের আসনটি আপাতত স্থগিত রাখা হয়।আপাতত উপপ্রধানই প্রশাসনিক কাজকর্ম দেখভালের দায়িত্বে থাকবেন।
এদিন দায়িত্ব পাওয়ার পর বিশ্বজিৎ দাস জানান, ” কেন্দ্র ও রাজ্যে ক্ষমতায় বিজেপি। রাজ্যের মুখ্যমন্ত্রী জেলার ছেলে শুভেন্দু অধিকারী। জেলা তথা রাজ্যের উন্নয়নে তৃনমুলের সদস্যরা আমাকে সমর্থন করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ মেনেই আগামীদিনে এলাকায় উন্নয়ন ঘটবে।”




