• facebook
  • twitter
Thursday, 23 April, 2026

ভরতপুর-বহরমপুরে ভোটপ্রক্রিয়ায় অনিয়ম

পুনর্নির্বাচনের দাবিতে কমিশনের দ্বারস্থ কংগ্রেস

প্রথম দফার ভোট চলাকালীন মুর্শিদাবাদের ভরতপুর ও বহরমপুর বিধানসভা কেন্দ্রে একাধিক অনিয়মের অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস। বুথ দখল, পোলিং এজেন্টদের বের করে দেওয়া থেকে শুরু করে ইভিএম বিকল—বিভিন্ন বিষয় সামনে এনে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে দলটি। এ নিয়ে কংগ্রেস নেতা নিলয় প্রামাণিক লিখিত অভিযোগ জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়ালের কাছে।

কংগ্রেসের অভিযোগ, ভরতপুরের একাধিক বুথে তাদের পোলিং এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয়েছে। সালার থানার অধীনে থাকা ১৫৭ থেকে ১৬৯ নম্বর পর্যন্ত বেশ কিছু বুথে এই ঘটনা ঘটেছে বলে দাবি। এজেন্টদের সরিয়ে দেওয়ার পর শাসকদলের কর্মীরাই বেআইনিভাবে ভোট পরিচালনা করেছে বলে অভিযোগ উঠেছে। কংগ্রেসের মতে, এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার গুরুতর লঙ্ঘন এবং ভোটের নিরপেক্ষতা প্রশ্নের মুখে ফেলছে।

Advertisement

দলটির আরও অভিযোগ, বিষয়টি প্রশাসনকে জানানো হলেও দ্রুত কোনও পদক্ষেপ করা হয়নি। উল্টে অভিযোগ জানাতে থানায় যেতে বলা হয় প্রতিনিধিদের। পাশাপাশি দ্রুত প্রতিক্রিয়া বাহিনী (কিউআরটি) সরিয়ে নেওয়ায় বুথগুলিতে নিরাপত্তার অভাব তৈরি হয়েছে বলেও দাবি করা হয়েছে। কিছু পুলিশ কর্মীর সঙ্গে শাসকদলের নেতাদের যোগসাজশের অভিযোগও তুলেছে কংগ্রেস।

Advertisement

অন্যদিকে, বহরমপুর কেন্দ্রের ১৪১ নম্বর বুথে ইভিএম বিকল হয়ে দীর্ঘ সময় ভোটগ্রহণ বন্ধ থাকে বলে অভিযোগ। সকাল সাড়ে আটটার দিকে সমস্যা ধরা পড়লেও দুপুর পর্যন্ত তা মেরামত হয়নি। ফলে বহু ভোটার ভোট না দিয়েই ফিরে যেতে বাধ্য হন। এই বিষয়ে প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী একাধিকবার অভিযোগ জানালেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি।
এই পরিস্থিতিতে কংগ্রেসের দাবি, সংশ্লিষ্ট বুথগুলিতে পুনর্নির্বাচন করতে হবে, পোলিং এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। পাশাপাশি ইভিএম সমস্যার ক্ষেত্রে দ্রুত সমাধান বা প্রয়োজনে ভোটের সময় বাড়ানোর কথাও বলা হয়েছে।
পুরো ঘটনাকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করে কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে অবিলম্বে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ প্রয়োজন।

Advertisement