• facebook
  • twitter
  • youtube
Monday, 15 June, 2026

বর্ষার মরসুমে দক্ষিণবঙ্গে দেখা নেই বৃষ্টির, উলটপুরাণের ছবি উত্তরবঙ্গে

দক্ষিণবঙ্গে অনেক জেলাতেই এখনও পর্যন্ত সেভাবে বর্ষা ঢোকেনি।

কখনও ভ্যাপসা গরম তো কখনও আবার আকাশ কালো করে ঝেঁপে নামছে বৃষ্টি। আবহাওয়ার এরকম ভোলবদলে নাজেহাল মানুষ। জুন মাসের মাঝামাঝি সময়ে দাঁড়িয়েও এখনও পর্যন্ত ঠিকভাবে বর্ষার দেখা মেলেনি। শুক্রবার পুরুলিয়ার পশ্চিমাঞ্চলের কিছু অংশ ছেড়ে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করেছে। কিন্তু দক্ষিণবঙ্গে অনেক জেলাতেই এখনও পর্যন্ত সেভাবে বর্ষা ঢোকেনি। কবে ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ? কী বলছে আবহাওয়া দপ্তর?

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে সেভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে এখনই গরম থেকে স্বস্তি মিলবে না। সোমবার অর্থাৎ আজ পশ্চিম ও পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

১৬ জুন, মঙ্গলবার বীরভূম ও মুর্শিদাবাদে ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা না মিললেও উত্তরবঙ্গে আগামী দু’দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সোমবার দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ও কালিম্পংয়ের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার, ১৬ জুন জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কালিম্পং, কোচবিহার, দার্জিলিং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

কলকাতায় আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবারও কলকাতায় আবহাওয়ার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আর সর্বনিম্ন  তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে আকাশ মেঘলা থাকলেও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।