• facebook
  • twitter
  • youtube
Thursday, 12 November, 2026

ইঞ্জিনিয়ারিংয়ের আইআইটিতে এবার ডাক্তারির এমডি, দেশে প্রথম পথ দেখাবে খড়গপুর

এনএমসি-র অনুমোদন পেয়ে দেশের প্রথম আইআইটি হিসেবে এমডি চালু করছে আইআইটি খড়্গপুর। ছয় বিষয়ে ১২ আসন। নিট পিজি কাউন্সেলিং রাউন্ড টু-তে ভর্তি।

ইঞ্জিনিয়ারিংয়ের আইআইটিতে এবার ডাক্তারির এমডি, দেশে প্রথম পথ দেখাবে খড়গপুর

IIT Kharagpur becomes first IIT to introduce postgraduate medical courses (Image: @IIT-KGP)

যে আইআইটি এতদিন ইঞ্জিনিয়ার তৈরি করত, সেখানেই এবার তৈরি হবে স্নাতকোত্তর ডাক্তার। দেশের প্রথম আইআইটি হিসেবে স্নাতকোত্তর মেডিক্যাল ডিগ্রি চালু করছে আইআইটি খড়গপুর (IIT Kharagpur)। জাতীয় চিকিৎসা কমিশনের (National Medical Commission, NMC) অনুমোদনও এসে গিয়েছে। বৃহস্পতিবার, ১২ নভেম্বর, এই খবর জানিয়েছে কর্তৃপক্ষ।

কোথায়, কবে থেকে শুরু?

২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই শুরু হচ্ছে প্রথম ব্যাচের পড়াশোনা। খড়গপুর ক্যাম্পাসের ডা. বি সি রায় মাল্টি-স্পেশালিটি মেডিক্যাল রিসার্চ সেন্টারেই শুরু হবে কোর্সটি (Dr BC Roy Multi-Speciality Medical Research Centre)। আইআইটির ইতিহাসে এটাই প্রথম পিজি মেডিক্যাল ব্যাচ। প্রস্তাব খতিয়ে দেখতে এনএমসির পরিদর্শক দল আগেই সেন্টারে গিয়েছিল।

কোন কোন বিষয়ে কত আসন?

এমডি (MD) পড়ানো হবে ছয়টি বিষয়ে। প্রতিটিতে আসন দু’টি করে, মোট ১২টি। বিষয়গুলি হল জেনারেল মেডিসিন (General Medicine), রেডিওলজি (Radiology), ফিজিওলজি (Physiology), প্যাথলজি (Pathology), কমিউনিটি মেডিসিন (Community Medicine) ও বায়োকেমিস্ট্রি (Biochemistry)।

ভর্তি কীভাবে?

ভর্তি হবে নিট পিজি (NEET PG) ২০২৬-এর কাউন্সেলিংয়ের মাধ্যমে। আইআইটি খড়iপুরের আসনগুলি দ্বিতীয় রাউন্ডে যুক্ত করেছে মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (Medical Counselling Committee, MCC)। রাউন্ড টু-তে নিবন্ধনের শেষ দিন ১৪ নভেম্বর, দুপুর ৩টে। আসন বণ্টনের ফল ১৭ নভেম্বর বলে জানা গিয়েছে। তবে সূচি বদলেছে আগেও। তাই সঠিক তারিখের জন্য mcc.nic.in দেখে নিতে হবে।

কেন আইআইটিতে এমডি?

আইআইটি খড়গপুরের অধিকর্তা ড. সুমন চক্রবর্তী আগেই জানিয়েছিলেন, প্রতিষ্ঠানে চিকিৎসক, চিকিৎসা-গবেষক ও স্বাস্থ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ রয়েছেন। সেই ভিত্তিতেই এমডি চালু করা যুক্তিসংগত। চিকিৎসক নিয়োগও আগেই শুরু হয়েছিল। ২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর বোর্ড অব গভর্নর্স প্রস্তাব অনুমোদন করে। এনএমসিতে আবেদনের শেষ দিন ছিল ৩১ মার্চ।

উদ্দেশ্য স্পষ্ট। ডাক্তারি শিক্ষার সঙ্গে প্রযুক্তি গবেষণার সরাসরি যোগ ঘটানো। খড়গপুরে ২০০১ সাল থেকে স্কুল অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি (School of Medical Science and Technology) চলছে। এবার তার সঙ্গে যুক্ত হল পূর্ণাঙ্গ পিজি মেডিক্যাল শিক্ষা।

বাংলার জন্য খুবই গুরুত্বের

দেশের প্রথম আইআইটি যাত্রা শুরু করেছিল পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরেই। এবার দেশের প্রথম আইআইটি-ভিত্তিক এমডি পাঠ্যক্রমও শুরু হচ্ছে সেখানেই। রাজ্যের মেডিক্যাল ছাত্রছাত্রীদের সামনে তাই নতুন একটি বিকল্প খুলে গেল। আসন কম, কিন্তু প্রথম ব্যাচ বলেই নজর থাকবে পড়াশোনা, গবেষণা আর পরিকাঠামোর মানের দিকে।

আইআইটি খড়্গপুর এমবিবিএস চালুর পরিকল্পনাও করেছিল। যদিও সেই প্রক্রিয়া আপাতত স্থগিত বলে খবর।