• facebook
  • twitter
Wednesday, 15 April, 2026

বিহার থেকে আসা বিপুল অঙ্কের টাকা উদ্ধার বর্ধমান স্টেশনে, গ্রেপ্তার ২

নির্বাচনের জন্য রাজ্যে আদর্শ আচরণবিধি চালু থাকার সময় এই বিপুল নগদ অর্থের হদিশ মেলায় বিষয়টি নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু হয়েছে।

ভোটের আবহে কড়া নজরদারি। তার মধ্যেই বর্ধমান স্টেশনে নাকা তল্লাশির সময়ে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করল জিআরপি। ঘটনায় বিহারের দুই বাসিন্দাকে আটক করা হয়েছে। ধৃতদের নাম অধেশ কুমার ও সুনীল কুমার।

জিআরপি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে বর্ধমান স্টেশনে নিয়মিত তল্লাশি চলছিল। জিআরপি বর্ধমান থানার ওসি সুজন ঘোষের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের ফুট ওভার ব্রিজে দুই ব্যক্তির সন্দেহজনক আচরণ পুলিশের নজরে আসে। এরপর তাঁদের আটক করে ব্যাগ তল্লাশি করা হলে উদ্ধার হয় নগদ ৩৯ লক্ষ ৬০ হাজার টাকা।

Advertisement

উদ্ধার হওয়া নগদের পাশাপাশি দুই অভিযুক্তের কাছ থেকে দুটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। পরে তাঁদের স্থানীয় থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং আদালতে পেশ করা হয়েছে। এত বিপুল অর্থের উৎস এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও অভিযুক্তরা স্পষ্ট কোনও উত্তর দিতে পারেননি বলে দাবি পুলিশের।

Advertisement

প্রসঙ্গত, নির্বাচনের জন্য রাজ্যে আদর্শ আচরণবিধি চালু থাকার সময় এই বিপুল নগদ অর্থের হদিশ মেলায় বিষয়টি নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু হয়েছে। জিআরপি জানিয়েছে, এই অর্থের সঙ্গে কোনও অবৈধ লেনদেন বা নির্বাচনী প্রভাব খাটানোর যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে একই দিনে কলকাতাতেও নাকা তল্লাশির সময়ে এক ব্যক্তির কাছ থেকে ১২ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। শেক্সপিয়র সরণি থানা এলাকায় একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে ওই নগদ উদ্ধার করে পুলিশ। তৃণমূলের দাবি, নির্বাচনের সময় এই বিপুল নগদ উদ্ধারের ঘটনা প্রমাণ করছে, ভোটে প্রভাব খাটানোর চেষ্টা চলছে। তাদের মতে, এই বিষয়ে আরও কড়া নজরদারি প্রয়োজন।

Advertisement