বারুইপুরের পর এবার বর্ধমান। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় বর্তমানে তোলপাড় রাজ্য-রাজনীতি। এবার সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের রাজ্যে ধর্ষণ ও খুনের ঘটনার অভিযোগ উঠল। বর্ধমানে আদিবাসী মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে এলাকারই এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে এলাকা থেকেই নির্যাতিতা মহিলার দেহ উদ্ধার হয়েছে। ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
ঘটনাটি ঘটেছে বর্ধমানের দেওয়ানদিঘী থানার অন্তগর্ত পালিতপুরে। নির্যাতিতার পরিবারের দাবি, সোমবার দুপুরে নির্যাতিতা, তাঁর বর ও শেখ আইজুল নামে এক ব্যক্তি বাড়ির পাশের মাঠে বসে মদ্যপান করছিলেন। বিকেলেই নির্যাতিতা বাড়ি ফিরে আসেন। কিন্তু তাঁর স্বামী অনেকক্ষণ বাড়ি না ফেরায় নির্যাতিতা তাঁকে খুঁজতে বাইরে যান।
নির্যাতিতার পরিবার সূত্রের খবর, রাতে নির্যাতিতার স্বামী বাড়ি ফিরে আসেন। কিন্তু বাড়িতে স্ত্রীকে দেখতে না পেয়ে তিনি বাইরে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু রাতে অনেক খোঁজাখুঁজির পরেও তিনি নির্যাতিতার কোনও খোঁজ পাননি। এরপর মঙ্গলবার সকালে বাড়ির কাছের জমি থেকে নির্যাতিতার দেহ উদ্ধার হয়। নির্যাতিতার পরিবারের অভিযোগ, এই ঘটনার সঙ্গে শেখ আইজুল জড়িত। পুলিশ ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
বর্ধমানের এই ঘটনার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছেন। বর্তমান বিজেপি সরকারকে কটাক্ষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি পোস্ট করেছেন। উল্লেখ্য, বারুইপুরে নাবালিকার গণধর্ষণ ও খুনের অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত-সহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রশাসনের দ্রুত পদক্ষেপে পরিবার কিছুটা আশ্বস্ত হলেও ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি দল একের পর এক নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে।
Just like every other @BJP4India ruled state, WEST BENGAL IS BECOMING INCREASINGLY UNSAFE FOR WOMEN & GIRLS.
A tribal woman’s body was recovered today from a field in Purba Bardhaman. Her husband has alleged RAPE and MURDER.
This is the HORRIFIC REALITY behind @BJP4Bengal‘s…
— Abhishek Banerjee (@abhishekaitc) July 7, 2026
অন্যদিকে, মঙ্গলবার বারুইপুরে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সেখানে গিয়ে পুলিশ সুপারের অফিসে নির্যাতিতার পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন। তারপরে মুখ্যমন্ত্রী জানান, বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনায় যেভাবে তদন্ত এগিয়েছে, তাতে নির্যাতিতার পরিবার সন্তুষ্ট। তবে এর পাশাপাশি ধর্ষণ-খুনের ঘটনায় প্রতিবাদ-বিক্ষোভের সময়ে এক যুবককে যেভাবে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তারও নিন্দা করেছেন শুভেন্দু অধিকারী।




